এমএনএ অর্থনীতি রিপোর্ট : সপ্তাহ ব্যবধানে বেড়েছে মাছের দাম, অপরিবর্তিত রয়েছে মাংসের দাম। রাজধানীর বাজারে পেঁয়াজ ও কাঁচামরিচ বিক্রি হচ্ছে বাড়তি দামেই। সেইসাথে প্রতিটি সবজির দরই বেড়েছে ১০ থেকে ৩০ টাকা পর্যন্ত।
আর ভরা মৌসুমেও বাজারে ইলিশের সরবরাহ কম বলছেন বিক্রেতারা। সাতদিনের ব্যবধানে দাম বেড়েছে প্রতি হালিতে ২শ’ থেকে ৪শ’ টাকা পর্যন্ত। বেড়েছে অন্যান্য মাছের দামও। তবে অপরিবর্তিত আছে খাসি, গরু ও মুরগীর দাম।
কাঁচাবাজারে পটল, ঢেঁড়শ, বেগুনসহ কোনো সবজির অভাব নেই বাজারে। তবে দাম বাড়তিই। গেল সপ্তাহের ধারাবাহিতায় এ সপ্তাহেও ঊর্ধমূখী সবজির বাজার। মানভেদে ঝিঙা, ঢেঁড়শ, বেগুণ, শসা বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা কেজি। কাঁচামরিচের কেজি দেশি ১৬০ টাকা এবং ভারতীয় ১২০ টাকা। পেঁয়াজের কেজি দেশি ৬০ টাকা থেকে ৬৫ টাকা এবং ভারতীয় ৫০ টাকা। লেবুর হালি ৩০ টাকা এবং মাঝারি আকারের প্রতিটি লাউয়ের দাম পড়ছে ৬০ টাকা। দেশের বিভিন্ন স্থানে বন্যা এবং টানা বৃষ্টিতে সবজির উৎপাদন এবং সরবরাহ বাধাগ্রস্ত হচ্ছে বলে জানান বিক্রেতারা। ক্রেতারা বলছেন বাজারে নেই তদারকি।
বর্ষায় নদ নদীর পানি বেড়েছে, এতে মাছ কম পড়ছে বলে জানান বিক্রেতারা। একারণে সব ধরনের মাছের দামই বেড়েছে কেজি প্রতি ৩০ থেকে ৫০ টাকা। ভরা মৌসুমে এবার বাজারে ইলিশের দামও বাড়ছে দফায় দফায়।
কাঁচাবাজারে কেবল মাংসের দাম স্থিতিশীল। প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৬০ টাকায়, গরু ৫০০ আর খাসি বিক্রি হচ্ছে ৭৫০ টাকায়।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

