ভোলায় সভা-সমাবেশে প্রশাসনের নিষেধাজ্ঞা
Posted by: News Desk
October 21, 2019
এমএনএ জেলা প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিনে পুলিশের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষে চারজন নিহতের ঘটনায় আইন-শৃঙ্খলার স্বার্থে জেলায় অনির্দিষ্টকালের জন্য সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। আজ সোমবার সকাল থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা জারি থাকবে।
ভোলার জেলা প্রশাসক (ডিসি) মাসুদ আলম ছিদ্দিক বিষয়টি নিশ্চিত করে বলেন, বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। এখন পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্ত রয়েছে। মোতায়েন রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), আমর্ড পুলিশ। কাউকে সমাবেশের অনুমতি দেওয়া হয়নি। পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকবে।
এদিকে, আজ সোমবার বেলা ১১টা থেকে অবস্থান নিয়েছে ‘সর্বদলীয় মুসলিম ঐক্য পরিষদ’র নেতারা। তারা প্রেসক্লাব চত্বরে জড়ো হয়ে বিক্ষোভ করছে। সেখানে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। সমাবেশের অনুমতি না পেয়ে বর্তমানে তারা ভোলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করছেন। সেখান থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

যেকোনো অপ্রীতিকর ঘটনা ও বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে জেলায় চার প্লাটুন বিজিবি, দুই প্লাটুন র্যাব ও বিপুল পরিমাণ পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়ছার।
গত শুক্রবার (১৮ অক্টোবর) রাতে বিপ্লব চন্দ্র বৈদ্য (২৫) নামে এক যুবক নিজের ফেসবুক আইডি ‘Biplob Chandra Shuvo’ হ্যাক হওয়ার পরিপ্রেক্ষিতে বোরহানউদ্দিন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডি করার সময় থানায় অবস্থানকালেই বিপ্লবের নম্বরে একটি কল আসে এবং তার কাছে চাঁদা দাবি করা হয়।
বিষয়টি তাৎক্ষণিকভাবে ওসিকে জানানো হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। প্রযুক্তির সহায়তায় সেদিন রাতেই বিপ্লবের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক ও চাঁদা দাবির দায়ে শরীফ এবং ইমন নামে দুই যুবককে আটক করা হয়।
কিন্তু ফেসবুকে ওই আইডি থেকে ধর্মীয় অনুভূতিতে আঘাত করে মহানবীকে (সা.) কটূক্তির অভিযোগে ভোলার বোরহানউদ্দিন উপজেলার ঈদগাহ মসজিদ চত্বরে তৌহিদি জনতার ব্যানারে গতকাল রবিবার সকালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ডাকা হয়। তবে পুলিশের হস্তক্ষেপে সকাল ১০টার মধ্যেই সংক্ষিপ্ত মোনাজাতের মধ্য দিয়ে কর্মসূচি শেষ করা হলে পরে আসা লোকজন মোনাজাত পরিচালনাকারী দুই ইমামের ওপর চড়াও হয়। এতে বাধা দিতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে গ্রামবাসী। এ সময় পুলিশ গুলি ছুড়লে চারজন নিহত হন। সংঘর্ষে ১০ পুলিশসহ দেড়শতাধিক মানুষ আহত হন।
নিষেধাজ্ঞা প্রশাসনের ভোলায় সভা-সমাবেশে 2019-10-21