Don't Miss
Home / আইন আদালত / মুফতি হান্নানের ফাঁসি কার্যকরের চিঠি কারাগারে

মুফতি হান্নানের ফাঁসি কার্যকরের চিঠি কারাগারে

এমএনএ রিপোর্ট : সিলেটে সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা ও তিনজন নিহত হওয়ার ঘটনায় করা মামলায় হরকাতুল জিহাদ (হুজি) নেতা মুফতি আবদুল হান্নানের ফাঁসি কার্যকরের চিঠি কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে পৌঁছেছে।

আজ সোমবার সকাল ১০টার পর চিঠিটি কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে পৌঁছে বলে নিশ্চিত করেছেন কারা অধিদপ্তরের উপমহাপরিদর্শক (প্রিজন্স) মোহাম্মদ তৌহিদুল ইসলাম। এখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ফাঁসির কার্যকরের সময় ঠিক করা হবে।

গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারের সিনিয়র সুপার মো. মিজানুর রহমান জানান, হান্নান ও বিপুলের প্রাণ ভিক্ষার আবেদন রাষ্ট্রপতি নাকচ করেছেন – সেই চিঠি কারাগারে পৌঁছেছে।

চিঠিতে জেলকোড অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নিতে বলা হয়েছে। কারা কর্তৃপক্ষ এই চিঠি পাওয়ার পর ফাঁসি কার্যকর করার পথে আর কোনো বাধা নেই।

কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, কারাবিধি অনুযায়ী যেদিন মৃত্যুপরোয়ানা পড়ে শোনানো হয়, সেদিন থেকে ২১ দিনের আগে নয়, ২৮ দিনের পরে নয়, এমন হিসাব করে রায় কার্যকর করা হয়। গত ২১ মার্চ মুফতি হান্নান ও তাঁর দুই সহযোগীকে মৃত্যুপরোয়ানা পড়ে শোনানো হয়।

কারা সূত্র বলেছে, ২০০৪ সালের ২১ মে বাংলাদেশে নিযুক্ত তৎকালীন ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর সিলেটে হজরত শাহজালাল (রহ.)-এর মাজারের ফটকে গ্রেনেড হামলায় তিনিসহ ৭০ জন আহত হন এবং তিনজন নিহত হন। ওই ঘটনায় করা মামলায় মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনার আবেদন নাকচ হওয়ার পর মুফতি হান্নানসহ তিন আসামি শেষ সুযোগ হিসেবে গত ২৭ মার্চ কারা কর্তৃপক্ষের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করেছিলেন।

কারাবন্দিদের ক্ষমার আবেদন কারা কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে যায় আইন মন্ত্রণালয়ে। আইন মন্ত্রণালয়ের মতামত নিয়ে তা রাষ্ট্রপতির কার্যালয়ে যায়। রাষ্ট্রপতি তার সিদ্ধান্ত দেওয়ার পর ওই নথি ফিরে আসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে।

আজ সোমবার বেলা ১টার দিকে হান্নান ও বিপুলের প্রাণ ভিক্ষার আবেদন রাষ্ট্রপতি নাকচ করার চিঠি কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে পৌঁছায়।

অপর জঙ্গি দেলোয়ার হোসেন রিপনেরও প্রাণ ভিক্ষার আবেদন নাকচ করেছেন রাষ্ট্রপতি। সিলেট কারাগারে থাকা রিপনের চিঠি সোমবার বেলা পৌনে ৩টা পর্যন্ত সিলেটে পৌঁছায়নি বলে জানিয়েছেন জ্যেষ্ঠ কারাগার সুপার ছগির মিয়া।

x

Check Also

একটি মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন

চট্টগ্রাম প্রতিনিধি কারাগারে থাকা সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস একটি মামলায় জামিন পেয়েছেন। ...