যুবলীগের নতুন চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ
Posted by: News Desk
November 23, 2019
এমএনএ রিপোর্ট : অবশেষে গুঞ্জণই সত্যি হল; আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মণির বড় ছেলে শেখ ফজলে শামস পরশ। আগামী তিন বছর যুবলীগের নেতৃত্ব দেবেন তিনি।
আজ শনিবার বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে যুবলীগের ৭ম কংগ্রেসের দ্বিতীয় অধিবেশন শেষে এ ঘোষণা দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
দ্বিতীয় অধিবেশনের শুরুতেই সংগঠনটির চেয়ারম্যান হিসেবে পরশের নাম প্রস্তাব করেন চয়ন ইসলাম, আর তাকে সমর্থন করেন সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক হারুনুর রশীদ। এরপর আর কোন নাম প্রস্তাব না আসায় শেখ ফজলে শামস পরশ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
ক্যাসিনো ব্যবসা, চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ বিভিন্ন অভিযোগে ভাবমূর্তি সংকটে পড়েছে যুবলীগ। বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের জন্য সংগঠনটির ওপর ক্ষুব্ধ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এ কারণে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীকে। সেই অবস্থা থেকে সংগঠনটিকে পুনরুদ্ধার করতে ক্লিন ইমেজের নেতা উপহার দেয়ার কথা বলে আসছিলেন আওয়ামী লীগের শীর্ষ নেতারা।
নতুন চেয়ারম্যান পরশ একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। তার দুই ছোট ভাই সংসদ সদস্য ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী (লিটন চৌধুরী)। ঢাকা-১২ আসনের সংসদ সদস্য ফজলে নূর তাপস আওয়ামী লীগের সহযোগী সংগঠন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য সচিব। অন্যদিকে লিটন চৌধুরী আওয়ামী লীগের সংসদীয় দলের সাধারণ সম্পাদক। চাচা শেখ ফজলুল করিম সেলিম আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীতে রয়েছেন। শেখ সেলিমও এক সময় যুবলীগের চেয়ারম্যান ছিলেন।
শেখ সেলিমের ভগ্নিপতি অর্থাৎ নবনির্বাচিত চেয়ারম্যান পরশের ফুফা ওমর ফারুক চৌধুরী গেল মেয়াদে যুবলীগের চেয়ারম্যান ছিলেন। নানান বিতর্কে জড়িয়ে শেষ পর্যন্ত আজকের সম্মেলনেও আসতে পারেননি তিনি।
পঁচাত্তর ট্রাজেডিতে বাবা-মাকে হারানো পরশ ধানমণ্ডি সরকারি বালক বিদ্যালয় থেকে মাধ্যমিক, ঢাকা কলেজের থেকে উচ্চ মাধ্যমিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি নেন।
এরপর যুক্তরাষ্ট্রের কলোরাডো ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি নেয়ার পর দেশে ফিরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করে আসছিলেন তিনি।
রাজনৈতিক পরিবারের সন্তান হলেও রাজনীতির মাঠে দেখা যেত না তাকে। এমনকি ছোটভাই তাপসের নির্বাচনী প্রচারেও তাকে খুব-একটা নামতে দেখা যায়নি।
তবে ভাবমূর্তি সঙ্কটে থাকা যুবলীগকে উদ্ধারে ফুপু শেখ হাসিনার নির্দেশে পরশ এবার রাজনীতিতে সক্রিয় হন বলে আওয়ামী লীগ নেতারা জানিয়েছেন।
প্রসঙ্গত পরশ যুবলীগের নতুন চেয়ারম্যান হতে যাচ্ছেন বলে আগে থেকেই গুঞ্জন ছিল। সম্মেলন প্রস্তুতির জন্য যুবলীগের যে কমিটি হয়েছে, তাতে আকস্মিকভাবে পরশের যুক্ত হওয়া দেখে সবার আলোচনায় আসে তার নামটি।
সম্মেলন প্রস্তুতি দেখতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শুক্রবার যখন সোহরাওয়ার্দী উদ্যানে গিয়েছিলেন, তখন তার সঙ্গে পরশ ছিলেন।
এরপর সম্মেলনের অভ্যর্থনা উপকমিটির বৈঠকে যোগ দিতে বঙ্গবন্ধু এভিনিউয়ের কার্যালয়ে তিনি গেলে কর্মীরা করতালি দিয়ে তাকে ‘পরবর্তী চেয়ারম্যান’ হিসেবে শুভেচ্ছা জানায়।
স্বাধীনতা-উত্তরকালে যুবকদের রাজনৈতিক শিক্ষায় সচেতন করার লক্ষ্যে স্বাধীনতা আন্দোলন ও সশস্ত্র সংগ্রামের অন্যতম সংগঠক শেখ ফজলুল হক মনি যুবলীগ প্রতিষ্ঠা করেন। ১৯৭৪ সালে প্রথম যখন জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয় তখন চেয়ারম্যান নির্বাচিত হন ৩৩ বছর বয়সী শেখ ফজলুল হক মনি। সংগঠনটির গঠনতন্ত্রে নেতৃত্বের বয়সসীমা ৪০ বছর থাকলেও ১৯৭৮ সালের দ্বিতীয় কংগ্রেসের পর বিধানটি বিলুপ্ত করা হয়। দীর্ঘদিন যুবলীগ নেতৃত্বের বয়স নিয়ে সমালোচনার মুখে সপ্তম সম্মেলনে ৫৫ বছর বয়সসীমা নির্ধারণ করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
চেয়ারম্যান নতুন যুবলীগের শেখ ফজলে শামস পরশ 2019-11-23