Don't Miss
Home / সারাদেশ / রংপুর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থী বাবলা

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থী বাবলা

এমএনএ বিভাগীয় প্রতিনিধি : রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বিএনপির প্রার্থী হচ্ছেন কাওসার জামান বাবলা। তিনি দলের মহানগর কমিটির সহসভাপতি।
আজ বুধবার রংপুর সিটি নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে্ তিনি মনোনয়নপত্র জমা দেবেন।
এদিকে, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়পত্র জমা দিয়েছেন তার ভাতিজা কেন্দ্রীয় জাপার যুগ্ম মহাসচিব হোসেন মকবুল শাহরিয়ার আসিফ। স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি ভোটে লড়বেন। কিছু ত্রুটির কারণে সোমবার দিতে না পারায় তিনি গতকাল মঙ্গলবার জেলা নির্বাচন কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন।
পরে তিনি সাংবাদিকদের বলেন, ‘রংপুরে জাপাভক্ত ও সাধারণ মানুষ তার সাথে রয়েছেন।’
জাপার কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আসিফ শাহরিয়ার বলেন, ‘রংপুর সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে মহানগর জাপার সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফার নাম ঘোষণা করেন জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। বিভিন্ন সভা সমাবেশেও এরশাদ জাপার মেয়র প্রার্থী হিসেবে মোস্তফাকে পরিচয় করিয়ে দেন। কিন্তু মোস্তফা নির্বাচনে জয়লাভ করতে জাপা ভাঙনের ষড়যন্ত্রকারী মসিউর রহমান রাঙ্গার সঙ্গে হাত মিলিয়েছেন। এ নিয়ে জাপা নেতাকর্মী-ভক্ত ও সাধারণ মানুষের মাঝে এবং এরশাদের পরিবারের অনেকের মাঝেও ক্ষোভ দেখা দিয়েছে।’
এরশাদের ভাতিজা আসিফ জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গার বিরুদ্ধেও অভিযোগ তোলেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে যখন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে ঢাকা সিএমএইচএ চিকিৎসার নামে বন্দি করা হয়, সেই সময় যারা রংপুর জাতীয় পার্টির নেতৃত্বে ছিলেন তাদের মধ্যে একমাত্র সুবিধাভোগী মসিউর রহমান রাঙ্গা। সে সময় নেতৃত্বের নিরবতা দেখে এরশাদের পরিবারের সদস্য হিসেবে আমি দলীয় হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ নিয়ে এরশাদের মুক্তির জন্য রাজপথে মিছিল করি। তখন সুযোগসন্ধানী মসিউর রহমান রাঙ্গার নেতৃত্বে পুলিশের সহযোগিতায় এরশাদের মুক্তির মিছিলে রাবার বুলেট, টিয়ারশেল ও বেপেরোয়া লাঠিচার্জ করা হয়। পরবর্তীতে আমাদের নামে বেশক’টি মামলা করা হয়।’
আসিফ বলেন, ‘জানি নির্বাচন করলে আমাকে দল থেকে বহিষ্কার করা হবে। তাতে আমি কিছু মনে করি না।’ জাপাভক্ত ও রংপুরবাসী তার সঙ্গে রয়েছেন বলে জানান তিনি।
এদিকে, দলীয় সভায় একক প্রার্থী নির্ধারণ করতে না পেরে কেন্দ্রে পাঁচজনের নাম পাঠিয়েছিল বিএনপি।গতকাল মঙ্গলবার তাদের মধ্য থেকে মেয়র পদে কাওছার জামান বাবলার নাম ঘোষণা করা হয়। যাদের নাম কেন্দ্রে পাঠানো হয়েছিল তারা হলেন—মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাওছার জামান বাবলা, মহানগর সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মিজু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক রইস আহমেদ, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস ছালাম ও মহানগর যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু।
মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মিজু বলেন, ‘আমরা কেন্দ্রে পাঁচজনের নাম পাঠিয়েছিলাম। এর মধ্যে গতকাল মঙ্গলবার কেন্দ্র থেকে মেয়র পদে মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাওছার জামান বাবলার নাম ঘোষণা করা হয়। আমরা সবাই তার পক্ষে কাজ করব।’
সিটি নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী বাবলা বলেন, ‘আজ বুধবার আমি মনোনয়নপত্র জমা দেব। স্থানীয় নেতাকর্মী ও বিএনপি ভক্ত-সমর্থকদের নিয়ে আমি নির্বাচন করব। সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন হলে আমি জয়লাভ করব।’
অন্যদিকে, নির্বাচনে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে রংপুরের বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদকে প্রধান করে ১১ সদস্যের কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই কমিটিতে রংপুর রেঞ্জের ডিআইজি, বিজিবির সেক্টর কমান্ডার, রংপুরের জেলা প্রশাসক, রিটার্নিং অফিসারসহ বিভিন্ন স্তরের ঊর্ধতন কর্মকর্তাদের রাখা হয়েছে।
আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকার জানান, নির্বাচন কমিশনের এক চিঠিতে রংপুর সিটি নির্বাচন সুষ্ঠু শান্তিপূর্ণ করতে কমিটি গঠনের কথা বলা হয়। এরপরই কমিটি গঠন করা হয়।
তিনি আরো জানান, কমিটি নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত এবং লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। তারা মোবাইল কোর্টের কার্যক্রম মনিটর করবে। বিরূপ পরিস্থিতির উদ্ভব হলে বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করবে।
কারো বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের সত্যতা পেলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে বলে জানান এই নির্বাচন কর্মকর্তা।
উল্লেখ্য, আগামী ২১ ডিসেম্বর রংপুর সিটি নির্বাচনে ভোট হবে। সিটি করপোরেশন ঘোষণার পর দ্বিতীয়বারের মতো রংপুরে নির্বাচন হচ্ছে।
x

Check Also

ব্যাংক রেজুলেশন আইন ২০২৬ দুর্নীতি সহায়ক, লুটেরাদের পুনর্বাসন আত্মঘাতী: টিআইবি

অর্থনৈতিক প্রতিবেদক সদ্য পাস হওয়া ব্যাংক রেজুলেশন আইন, ২০২৬ নিয়ে কঠোর সমালোচনা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনার ...