Don't Miss
Home / রাজনীতি / রোজিনার সাথে ঘটে যাওয়া ঘটনা দুঃখজনকঃ পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী

রোজিনার সাথে ঘটে যাওয়া ঘটনা দুঃখজনকঃ পররাষ্ট্রমন্ত্রী

এমএনএ রাজনীতি ডেস্কঃ প্রথম আলোর জৈষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামের গ্রেফতারের ঘটনা খুবই দুঃখজনক বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। তিনি বলেন, সাংবাদিক রোজিনাকে গ্রেফতারের এই ঘটনায় দেশের ভাবমূর্তি নষ্ট হতে পারে। আর এই পরিস্থিতি পররাষ্ট্র মন্ত্রণালয়কে মোকাবিলা করতে হবে।

বৃহস্পতিবার (২০ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাথে বৈঠকের পরে সাংবাদিকদের সাথে সাক্ষাতে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, ‘সচিবালয়ে সাংবাদিক রোজিনার সাথে ঘটে যাওয়া এটি একটি অনভিপ্রেত এবং দুঃখজনক ঘটনা। আমি আশা করবো এই ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে।’

এ ঘটনায় আন্তর্জাতিকভাবে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে কিনা জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এখানে সরকারের লুকানোর কিছু নাই। যে ঘটনা ঘটেছে সেটি খুব দুঃখজনক। সেটা স্বাস্থ্য মন্ত্রণালয়ের ম্যানেজ করা উচিত ছিল। গুটি কয়েক লোকের জন্য এই বদনামটা হচ্ছে এবং আমি জানি পররাষ্ট্র মন্ত্রণালয় হিসেবে আমাদের এটি ফেস করতে হবে।’

গণমাধ্যম দেশের জন্য সব সময়ই বিরাট অবদান রাখছে । সংবাদমাধ্যম ও সংবাদ কর্মীর কারণে আমরা বালিশ কাণ্ড শুনেছি, লাখ টাকার সুপারি গাছের কথা শুনেছি, আপনাদের কারণে সেই শাহেদ করিমের (রিজেন্ট ডায়াগনোস্টিক সেন্টার) তথ্য পেয়েছি। সরকার প্রতিটা ক্ষেত্রে ব্যবস্থা নিয়েছে। এসব করে আপনারা সরকারকে খুব সাহায্য করছেন, বলে মন্তব্য করেন একে আব্দুল মোমেন।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘রোজিনা ইসলামের সাথে ঘটে যাওয়া ঘটনাটি এটি খুবই দুঃখজনক। কারণ দেশের বর্তমান সরকার শেখ হাসিনার সংবাদ-বান্ধব সরকার। আমরা কখনই সংবাদ প্রকাশে আপনাদের নিষেধ করি না।’

প্রসঙ্গত, পেশাগত দায়িত্ব পালনের জন্য সোমবার (১৭ মে) বিকেল ৩টার দিকে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যান সাংবাদিক রোজিনা ইসলাম । স্বাস্থ্য সচিব লোকমান হোসেন মিয়ার একান্ত সচিবের কক্ষে ফাইল থেকে নথি সরানোর অভিযোগে তাকে সেখানে আটকে রেখে তার মোবাইল ফোন কেড়ে নেয়া হয়। নিজের ওপর নির্যাতনেরও অভিযোগ তোলেন রোজিনা। একপর্যায়ে সেখানে তিনি অসুস্থ হয়ে পড়েন। সাড়ে পাঁচ ঘণ্টা পর সাড়ে ৮টার দিকে তাকে শাহবাগ পুলিশের কাছে হস্তান্তর করা হয়। রাতে রোজিনা ইসলামকে একমাত্র আসামি করে শাহবাগ থানায় চুরি ও অফিসিয়াল সিক্রেটস আইনে মামলা করা হয়। পরে মামলাটির তদন্তভার ডিবিতে হস্তান্তর করা হয়।

পরের দিন মঙ্গলবার (১৮ মে) সকালে রোজিনাকে আদালতে তুলে পুলিশ পাঁচদিনের রিমান্ড আবেদন করে। অন্যদিকে জামিন চান তার আইনজীবী। আদালত জামিন ও রিমান্ড নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। একই সঙ্গে তার জামিন শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেন আদালত।

বৃহস্পতিবার (২০ মে) ঢাকা মহানগর হাকিম বাকী বিল্লার ভার্চুয়াল আদালতে তার জামিন শুনানি অনুষ্ঠিত হয়।

শুনানি শেষ রোজিনার আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার গণমাধ্যমকে বলেন, আদালত আমাদের কথা শুনেছেন। শুনানি পর্যালোচনা করে পরে রায় দেবেন। আজকের মধ্যেই রায় দেয়ার চেষ্টা করবেন।

x

Check Also

আবারও ছড়িয়ে পড়ছে হাম, ২৩.২% শিশু দুই ডোজ নেওয়ার পরও আক্রান্ত

দেশে উদ্বেগজনক হারে বাড়ছে হামে আক্রান্ত শিশুর সংখ্যা। পরিস্থিতি সামাল দিতে সরকারকে একাধিক জরুরি পদক্ষেপ ...