সাংসদ হিসেবে শপথ নিলেন সাদ এরশাদ
Posted by: News Desk
October 10, 2019
এমএনএ রিপোর্ট : জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে শূন্য হওয়া রংপুর-৩ আসনের উপনির্বাচনে বিজয়ী এরশাদপুত্র রাহগির আল মাহি ওরফে সাদ এরশাদ একাদশ জাতীয় সংসদের সাংসদ হিসেবে শপথ গ্রহণ করেছেন।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদ ভবনে তার কার্যালয়ে সাদ এরশাদের এ শপথ বাক্য পাঠ করান বলে জাতীয় সংসদের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, জাতীয় সংসদের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান শপথ অনুষ্ঠান পরিচালনা করেন।
এ সময় জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, হুইপ ইকবালুর রহিম, হুইপ আতিউর রহমান আতিক, হুইপ মো. সামশুল হক, পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ফারুক খান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি তাজুল ইসলাম এমপি, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মুজিবুল হক চুন্নু, ফখরুল ইমাম, মাসুদ উদ্দিন চৌধুরী এবং সৈয়দা জাকিয়া নূর উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি এইচএম এরশাদের মৃত্যুতে শূন্য হওয়া রংপুর ৩ আসনে গত ৩ অক্টোবর উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সাবেক রাষ্ট্রপতি এরশাদ ও দলের অন্যতম প্রতিষ্ঠাতা বেগম রওশন এরশাদের ছেলে রাহগির আল মাহি সাদ এরশাদ জাতীয় পার্টির প্রার্থী হিসেবে লাঙ্গল প্রতীকে নির্বাচন করে বিজয়ী হন। নির্বাচন কমিশন আয়োজিত ফল কেন্দ্র থেকে প্রাপ্ত ফল অনুযায়ী, ১৭৫ আসনে মহাজোট মনোনীত সাদ এরশাদ লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৫৮ হাজার ৮৭৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী রিটা রহমান (ধানের শীষ) পেয়েছেন ১৬ হাজার ৯৪৭ ভোট ও জাতীয় পার্টির বিদ্রোহী প্রার্থী এরশাদের ভাতিজা আসিফ শাহরিয়ার (মোটরগাড়ি) পেয়েছেন ১৪ হাজার ৯৮৪ ভোট।
নিলেন শপথ সাদ এরশাদ সাংসদ হিসেবে 2019-10-10