সোমবারের জেএসসি-জেডিসিও পরীক্ষা স্থগিত
Posted by: News Desk
November 9, 2019
এমএনএ ক্যাম্পাস রিপোর্ট : ঘূর্ণিঝড় বুলবুলের কারণে আগামী সোমবারের (১১ নভেম্বর) জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা স্থগিত করা হয়েছে।
আজ শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ঘূর্ণিঝড় বুলবুলের কারণে ১১ নভেম্বর ২০১৯ তারিখের জেএসসি ও জেডিসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। ১১ তারিখের জে এস সি ১৩ তারিখে এবং ১১ তারিখের জেডিসি ১৬ তারিখে একই সময়ে অনুষ্ঠিত হবে।’ খবর বাসসের।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, অতি প্রবল ঘূর্ণিঝড় বুলবুল আজ শনিবার সন্ধ্যা নাগাদ সুন্দরবন হয়ে বাংলাদেশ উপকূলে আঘাত হানতে যাচ্ছে।
ঘূর্ণিঝড়টি আজ শনিবার সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৫২৫ কিলোমিটার, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৫১০ কিলোমিটার, মোংলা সমুদ্রবন্দর থেকে ৩৫০ কিলোমিটার ও পায়রা সমুদ্রবন্দর থেকে ৩৭৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।
পায়রা ও মোংলা সমুদ্রবন্দরে ১০ নম্বর মহাবিপদ সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। উপকূলীয় জেলা ভোলা, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহে ১০ নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে।
একই সঙ্গে চট্টগ্রাম সমুদ্রবন্দরে ৯ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উপকূলীয় জেলা চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ ৯ নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে।
ঘূর্ণিঝড় ও মুন ফেজের (চন্দ্রকলা) প্রভাবে উপকূলীয় জেলা ও নিকটবর্তী দ্বীপ ও চরসমূহের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ৫-৭ ফুট অধিক উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।
পরীক্ষা স্থগিত জেএসসি সোমবারের জেডিসিও 2019-11-09