সৌদিতে বাস দুর্ঘটনায় ৩৫ ওমরাহ যাত্রী নিহত
Posted by: News Desk
October 17, 2019
এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : সৌদি আরবের মদিনায় এক সড়ক দুর্ঘটনায় ৩৫ জন ওমরাহ যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত আরো চারজন। গতকাল বুধবার স্থানীয় সময় সন্ধ্যা সাতটার দিকে একটি বাসের সঙ্গে অপর একটি ভারী যানের (লোডার) মধ্যে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
সৌদির পশ্চিমাঞ্চলে ওই দুর্ঘটনা ঘটেছে বলে আজ বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে নিশ্চিত করা হয়েছে। গতকাল বুধবার মদীনা থেকে ১৭০ কিলোমিটার দূরে আল আখাল এলাকার হিজরা রোডে ওই দুর্ঘটনা ঘটেছে।
আরব নিউজের খবরে বলা হয়েছে, ৩৫ জন যাত্রী একটি বাস ভাড়া করে ওমরাহ পালন করতে যাচ্ছিলেন। পথিমধ্যে অপর দিক থেকে আসা একটি ভারী যানের সঙ্গে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে বাসটিতে আগুন ধরে যায়।
মদিনা পুলিশের মুখপাত্র মোতাশেম আল সা’দি জানিয়েছেন, নিহতরা এশিয়া ও বিভিন্ন আরব দেশের নাগরিক।
বেসরকারি পরিচালিত একটি বাসের সঙ্গে একটি ভারী যানের সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুর্ঘটনার সময় বাসটিতে ৩৯ জন আরোহী ছিলেন।
মদীনা পুলিশের এক মুখপাত্রের বরাত দিয়ে সৌদি প্রেস এজেন্সির এক প্রতিবেদনে জানানো হয়েছে, দুর্ঘটনায় ৩৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও চারজন। তারা সবাই ওমরাহ যাত্রী।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, নিহতরা সবাই সৌদি প্রবাসী। তারা আরব এবং এশিয়ার বিভিন্ন দেশের নাগরিক। ওমরাহ করতে সৌদিতে অবস্থান করছিলেন তারা।
দুর্ঘটনায় আহত চারজনকে আল হামনা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। দুর্ঘটনার পর পরই সেখানে পৌঁছেছে সৌদি রেড ক্রিসেন্ট এবং জরুরি বিভাগের কর্মীরা। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ।
এ ঘটনায় মদিনা অঞ্চলের গভর্নর প্রিন্স ফয়সাল বিন সালমান বিন আবদুল আজিজ নিহদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছ্নে। তিনি আহতদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেয়ারও নির্দেশ দিয়েছেন।
বাস নিহত যাত্রী দুর্ঘটনায় সৌদিতে ওমরাহ ৩৫ 2019-10-17