এমএনএ সাইটেক ডেস্ক : আজ ২১ মার্চ খুদে বার্তা লেখার ইন্টারনেট ভিত্তিক মাধ্যম টুইটার তার পথ চলার এক দশক পার করে আজ ১১ তে পদার্পণ করল। ২০০৬ সালের এই দিনে মাত্র ১৪০ অক্ষরের মধ্যে খুদে ব্লগ লেখার সুবিধা নিয়ে চালু হয় টুইটার।
এখানে সর্বোচ্চ একশ’ ৪০ অক্ষরের বার্তা আদান-প্রদান করতে পারেন ব্যবহারকারীরা। বার্তাগুলোকে বলে টুইট।
এই দিনেই টুইটারের সর্বপ্রথম টুইট করেছিলেন প্রতিষ্ঠানটির সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ডোরসি। ওই সময়ে নিউ ইর্য়ক বিশ্ববিদ্যালয়ে আন্ডার গ্র্যাজুয়েটের ছাত্র ডোরসি একটি ছোট দলের মধ্যে বার্তা আদান-প্রদানের পরিকল্পনা করেছিলেন। তার স্বপ্ন বাস্তবে রূপ পেল যখন প্রথম টুইটার পোস্ট হিসেবে তিনি লিখেছিলেন, ‘জাস্ট সেটিং আপ মাই টুইটার (twttr)।’
প্রথমে টুইটার (twitter) নামটি লেখার সময় ইংরেজি ভাওয়েল বাদ দিয়েছিলেন (twttr) ডোরসি।
নামকরণ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা আকস্মিকভাবে ‘টুইটার’ শব্দটা গ্রহণ করলাম। এর অর্থ- ছোট তথ্যের আকস্মিক প্রকাশ কিংবা পাখির কিচিরমিচির শব্দ।’
বিশ্বব্যাপী বর্তমানে টুইটার ব্যবহারকারীর সংখ্যা ৩৩ কোটি ২০ লাখেরও বেশি। বিশ্বের জনপ্রিয় তারকা, খ্যাতিমান রাজনীতিবিদ, বিখ্যাত ব্যক্তিত্ব থেকে শুরু করে প্রভাবশালী দেশগুলোর প্রধানেরাও টুইটার নিয়মিত ব্যবহার করেন।
টুইটার এখন শুধুমাত্র ক্ষুদে বার্তা পাঠানোর মধ্যেই সীমাবদ্ধ নেই। এটি বর্তমানে ব্রেকিং নিউজেরও বড় উৎস হয়ে উঠেছে।
২০০৮ সালে মঙ্গলগ্রহে পাঠানো ‘ফিনিক্স’ নভোযানের বরফের অস্তিত্ব খুঁজে পাওয়ার ঘোষণাটি টুইটারেই দিয়েছিল মার্কিন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসা।

এছাড়া ২০০৯ সালে নিউ ইয়র্কে হাডসন নদীতে মার্কিন বিমানের জরুরি অবতরণের খবরটিও টুইটারে প্রথম প্রকাশিত হয়। পরের বছর ব্রিটিশ যুবরাজ উইলিয়ামসের বাগদানের খবরটি প্রকাশের জন্য অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট তৈরি করে ক্লারেন্স হাউস।
এরপর ২০১২ সালে দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর টুইটারে স্ত্রীর সঙ্গে ছবিসহ একটি পোস্ট করেছিলেন বারাক ওবামা। ২০১৪ সাল পর্যন্ত মিশেল ওবামা ও বারাক ওবামার সেই ছবিটিই ছিল টুইটারের ইতিহাসে সবচেয়ে বেশি রি-টুইট হওয়া ছবি।
টুইটার এখন শুধু সামাজিক যোগাযোগের মাধ্যম হিসেবেই নয়,এমনকি বিভিন্ন বিপ্লব-আন্দোলনের প্ল্যাটফর্ম হিসেবেও ব্যবহৃত হচ্ছে।
অনলাইনে প্রচার বাড়াতে ও ব্যবহারকারীদের মধ্যে ঘটনা ছড়িয়ে দিতে টুইটারে এখন হ্যাসট্যাগ ব্যবহৃত হয়। এ সাইটে বর্তমানে বিশ্বের বড় বড় ঘটনা ও টিভি শোগুলোর নিজস্ব হ্যাসট্যাগ দেখা যায়।
২০০৭ সালে টুইটারের প্রথম দিককার ব্যবহারকারী ক্রিস মেসিনা গ্রুপভিত্তিক আলোচনা বাড়ানোর জন্য হ্যাসট্যাগ ব্যবহারের পরামর্শ দেন। এরপর থেকে সামাজিক যোগাযোগের মাধ্যমে শুরু হয় ট্রেন্ডিংয়ের ধারণা।
ফেইসবুকের পরেই টুইটার হল বর্তমান বিশ্বের জনপ্রিয় একটি সামাজিক মাধ্যম ও মাইক্রোব্লগিংয়ের ওয়েবসাইট।
জনপ্রিয় এই মাধ্যমের মূল কার্যালয় সান ফ্রান্সসিস্কো শহরে। টেক্সাসের সান অ্যান্টোনিও আর ম্যাসাচুসেটসের বস্টনে টুইটারের সার্ভার ও কার্যালয় রয়েছে।
২০১৪ সালের ১৯ আগস্ট মঙ্গলবার বাংলা, ভিয়েতনাম, চেক, রোমানিয়াসহ ৪৪ টি ভাষা যুক্ত হয়েছে টুইটারে। প্রতিদিনে প্রায় ৬৫ মিলিয়ন টুইট বার্তা আদান প্রদান হয়।
ঘড়ি আবিষ্কার করে সারা বিশ্বকে চমকে দেয়া শিশু আহমেদকে ২০১৫ সালের ১৬ সেপ্টেম্বর মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা হোয়াইট হাউজে আমন্ত্রন জানান।
তিনি টুইট করেছিলেন, ‘আমাদের উচিৎ আহমেদের মত শিশুদের বিজ্ঞানের প্রতি আগ্রহী করা।’
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক
