Don't Miss
Home / হোম স্লাইডার / ২২ তলা ভবনের সিঁড়ি মাত্র তিন ফুটের

২২ তলা ভবনের সিঁড়ি মাত্র তিন ফুটের

এমএনএ রিপোর্ট : রাজধানীর অভিজাত এলাকা বনানীর আতাতুর্ক অ্যাভিনিউর ১৭ নম্বর রোডের ২২ তলাবিশিষ্ট এফ আর টাওয়ারের সিঁড়ির প্রশস্ততা মাত্র তিন ফুট।

এ বিষয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেন, এত বড় বড় ভবনে ওঠা-নামার জন্য মাত্র ৩৬ ইঞ্চি আয়তনের সিঁড়ি থাকবে তা কিছুতেই মেনে নেয়া যায় না। এখন থেকে প্রতিটি ভবনকে যথাযথ কমপ্লায়েন্স হতে হবে।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় গণমাধ্যম কর্মীদের সঙ্গে এফআর টাওয়ারে অগ্নিকাণ্ড নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি এসব কথা বলেন।

মেয়র বলেন, আগুন নেভাতে পানির সঙ্কট দেখা দিয়েছিল। তারপরও ফায়ার সার্ভিসের সদস্যরা প্রাণপণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছেন।

অগ্নিকাণ্ডের প্রকৃত ঘটনা উদঘাটনে ইতোমধ্যে তদন্ত কমিটি গঠিত হয়েছে বলে জানান তিনি।

এদিকে নাম প্রকাশ না করার শর্তে ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, পুরান ঢাকার মতো অভিজাত এলাকা বনানীতেও যথাযথ নির্মাণ নীতিমালা মেনে বহুতল ভবনগুলো নির্মাণ করা হয়নি, যা দুঃখজনক।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টা ৫৫ মিনিটের দিকে ভবনটির ৯ তলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে এ আগুন ছড়িয়ে পড়ে পুরো ভবনে।

ফায়ার সার্ভিসের ২২টি ইউনিট দীর্ঘ পাঁচ ঘণ্টা চেষ্টার পর বিকাল ৫টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন এখনও পুরোপুরি নেভানো সম্ভব হয়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার মিজানুর রহমান।

এই অগ্নিকাণ্ডের ঘটনায় সর্বশেষ ১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদের মধ্যে ইউনাইটেড হাসপাতালে তিনজন, ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে দুইজন, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে একজন এবং ঘটনাস্থলে ১৩ জন মারা গেছেন। তবে নিহতের সংখ্যা বাড়তে পারে। এছাড়া আহত ৭০ জন রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।

এদিকে গুলশান বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) আব্দুল আহাদ নিহত ৬ জনের পরিচয় নিশ্চিত করেছেন। নিহতরা হলেন পারভেজ সাজ্জাদ (৪৭), মামুন (৩৬), আমিনা ইয়াসমিন (৪০), আব্দুল্লাহ আল ফারুক (৩২), মনির (৫০) ও মাকসুদুর (৩৬)।

x

Check Also

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ফাইল অনুমোদন নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য, অনিয়ম প্রমাণে চ্যালেঞ্জ আসিফ মাহমুদের

এমএনএ প্রতিবেদক স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কোনো ফাইলে অনিয়ম হয়ে থাকলে তা সুনির্দিষ্টভাবে প্রকাশ ও প্রমাণ ...