Don't Miss
Home / আজকের সংবাদ / ৭৫ হাজার টাকার মোবাইল পাবেন মন্ত্রী-সচিবরা

৭৫ হাজার টাকার মোবাইল পাবেন মন্ত্রী-সচিবরা

এমএনএ রিপোর্ট : মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সচিব ও ভারপ্রাপ্ত সচিবরা সরকারি খরচে ৭৫ হাজার টাকা দামের মোবাইল ফোন কিনতে পারবেন। পাশাপাশি তাদের মোবাইল ফোনের বিলও করা হয়েছে আনলিমিটেড। এ বিলও পরিশোধ করা হবে সরকারি কোষাগার থেকে।  এ ছাড়া যুগ্ম সচিবরা মোবাইল ফোন বিল বাবদ এক হাজার ৫০০ টাকা পাবেন।
মোবাইল ফোন ব্যবহারের নির্ধারিত সীমা রাখা হচ্ছে না। এক্ষেত্রে তারা যতো টাকা খরচ করবেন সব টাকা দেবে সরকার। এতোদিন তারা এ বাবদ ১৫ হাজার টাকা পেতেন। সে হিসেবে ৬০ হাজার টাকা বাড়ানো হয়েছে।
আজ সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এসব বিধান যুক্ত করে ‘সরকারি টেলিফোন, সেলুলার, ফ্যাক্স ও ইন্টারনেট নীতিমালা-২০১৮’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এটি প্রস্তাব আকারে পেশ করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সচিবালয়ে সাংবাদিকদের বলেন, এ ধরনের একটি নীতিমালা আগে থেকেই ছিল। ২০০৪ সালে তা সমন্বিতভাবে করা হয়। ২০১৭ সালে নতুন একটি খসড়া তৈরি হয়। পরীক্ষা-নিরীক্ষা করে সেটাই এখন চূড়ান্ত করা হলো। তবে মন্ত্রিসভায় কয়েকটি অনুশাসন দিয়েছে। এতে উচ্চ আদালতের বিচারপতিদের বিষয়টিও এর অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে। এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিফ অব প্রটোকলের (রাষ্ট্রাচার প্রধান) রোমিং সুবিধাসহ এ সুবিধার আওতাভুক্ত করার অনুশাসন দেওয়া হয়েছে।
তিনি বলেন, আগের নীতিমালায় মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী ও সচিবদের মোবাইল কেনার জন্য ১৫ হাজার টাকা বরাদ্দ ছিল। বর্তমান বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে এখন সেটা ৭৫ হাজার টাকা করা হয়েছে। যুগ্ম সচিব, অতিরিক্ত সচিবসহ যেসব কর্মকর্তা সার্বক্ষণিকভাবে মোবাইলের সুবিধা পান না, তাদের মোবাইল ফোন ব্যবহার ভাতা হিসেবে মাসে ১৫ হাজার টাকা করে দেওয়া হবে। এতো দিন তারা ৬০০ টাকা করে পেতেন।
সচিব জানান, প্রস্তাবিত নীতিমালা অনুযায়ী, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, মন্ত্রিপরিষদ সচিব, মুখ্য সচিব, সিনিয়র সচিব, পরিকল্পনা কমিশনের সদস্য, পুলিশের মহাপরিদর্শক, সচিব, অধিদফতরের প্রধান, হিসাব মহানিয়ন্ত্রক, ম্যানেজিং ডিরেক্টর, বিভাগীয় কমিশনার, উপ-মহাপুলিশ পরিদর্শক, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, অতিরিক্ত পুলিশ কমিশনার, উপপুলিশ কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) জন্য টেলিফোন, মোবাইল ও ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে কোনও ব্যয়সীমা থাকবে না।
সভায় হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট আইনের খসড়াও অনুমোদন দেওয়া হয়েছে। আইনটি ১৯৭৭ সালে অধ্যাদেশ আকারে করা হয়েছিল।
x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...