এমএনএ আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি সামরিক বিমান বাহিনীর হামলায় চটেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে এ ঘটনার শান্তিপূর্ণ সমাধানে উদ্যোগ নেয়ারও আহ্বান জানান।
কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, একটি অনলাইন ব্রিফিংয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেন, ফিলিস্তিনিদের বিরুদ্ধে সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েলের আচরণে আমরা শোকাহত এবং ক্ষুব্ধ। ফিলিস্তিনের শহরগুলোতে ইসরায়েল যে আগ্রাসন চালাচ্ছে, তার বিরুদ্ধে দাঁড়ানো বিশ্ব মানবতার দায়িত্ব।
তিনি বলেন, যারা ইসরায়েলের রক্তপাতের পরও নীরব থাকছে বা প্রকাশ্য সমর্থন দিচ্ছে, তাদের জেনে রাখা উচিত যে, একদিন তাদেরও পালা আসবে। নিরাপত্তা পরিষদের অবশ্যই জেরুজালেমে শান্তি বজায় রাখার জন্য পদক্ষেপ নেয়া উচিত।
এরদোয়ান বলেন, যদি গোটা পৃথিবীও ফিলিস্তিনে ইসরায়েলের নিপীড়নকে এড়িয়ে যায়, তবুও তুরস্ক চুপ করে থাকবে না।
গাজায় ইসরায়েলি দখলদার বাহিনীর হামলায় গত সোমবার থেকে এখন পর্যন্ত ১১৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৩১টি শিশু ও ১৯ জন নারীও রয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ৮৩০ জন।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক
