এমএনএ আন্তর্জাতিক ডেস্কঃ চীনের উহান থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) প্রতিবেশী দেশ ভারতের অবস্থা ভয়াবহ। দেশটিতে একদিনে অতীতের সব মৃত্যুর রেকর্ড ছাড়িয়ে গেছে। দেশটিতে করোনায় গত ৪ হাজার ৩২৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৬৩ হাজার ৫৩৩ জন।
মঙ্গলবার (১৮ মে) ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সোমবার ২ লাখ ৮১ হাজার মানুষের শরীরে সংক্রমণ শনাক্তের কথা জানিয়েছিল দেশটির স্বাস্থ্য দফতর। শনাক্তের সংখ্যা কমলেও গত ২৪ ঘণ্টায় বেড়েছে মৃত্যুর সংখ্যা। ভারতে মোট করোনা আক্রান্ত হিসেবে শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৫২ লাখ ২৮ হাজার ৯৯৬। এই মহামারিতে দেশটিতে মোট মারা গেছেন ২ লাখ ৭৮ হাজার ৭১৯ জন।
মহারাষ্ট্র, দিল্লি, উত্তরপ্রদেশ, ছত্তীসগঢ়, গুজরাট, মধ্যপ্রদেশ, বিহার, কেরালার মতো রাজ্যগুলোতে সংক্রমণ কমছে। তবে তামিলনাড়ু, কর্নাটক, অন্ধ্রপ্রদেশের সংক্রমণ পরিস্থিতি এখনও লাগামাছাড়া। পশ্চিমবঙ্গেও গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৩ জন।
গত মার্চের মাঝামাঝি সময়ে ভারতে দৈনিক শনাক্ত করোনা রোগীর সংখ্যা ছিল ২০ হাজারের কাছাকাছি। তারপর দেশটিতে ভয়াবহ হারে বাড়তে থাকে সংক্রমণ। গত ৩ এপ্রিল ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা দুই কোটি ছাড়িয়ে যায়।
গত ৩০ এপ্রিল ভারতে প্রথম এক দিনে চার লাখের বেশি মানুষের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। তারপরেও একাধিক দিন দেশটিতে চার লাখের বেশি রোগী শনাক্ত হয়। ৭ মে ভারতে প্রথম এক দিনে চার হাজারের বেশি মানুষের মৃত্যুর কথা জানা যায়।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

