এমএনএ আন্তর্জাতিক ডেস্কঃ করোনায় দীর্ঘ দুই বছর পর সৌদি আরবে জামায়াতে কাঁধে কাঁধ মিলিয়ে তারাবির নামাজ আদায় করেছেন মুসল্লিরা। সব বিধিনিষেধ তুলে দেওয়ায় মসজিদগুলোয় ছিল আগের মতো ভিড়।
সৌদি কর্তৃপক্ষ শুক্রবার সন্ধ্যায় পবিত্র রমজান মাসের চাঁদ দেখার কথা জানায়। এ হিসাবে সেখানে ২ এপ্রিল, শনিবার থেকে পবিত্র রমজান মাস শুরু। রমজান মাস উপলক্ষ্যে সেখানে আবার শুরু হয়েছে তারাবি নামাজ। শুক্রবার এশার নামাজের পর মসজিদুল হারামসহ দেশটির মসজিদে মসজিদে আদায় করা হয় তারাবি নামাজ।
করোনা মহামারির কারণে দেশে দেশে বিধিনিষেধের বেড়াজাল ছিল দীর্ঘ দুই বছর। অনেক কিছুতেই ছাড় দিতে হয় সবাইকে। এ সময় সৌদি বসবাসরতদের ঘরে থেকে করতে হয়েছে ইবাদত বন্দেগি। তবে এবার সংক্রমণ শূন্যের কোটায় নেমে আসায় রমজানের প্রথম দিনে মসজিদগুলোতে নামে মুসল্লির ঢল। প্রবাসী বাংলাদেশিরাও রমজানের প্রথম তারাবিহ পড়েছেন মসজিদে গিয়ে।
২০১৯ সালের পর এবার সৌদি আরবে রমজান মাসে করোনাভাইরাসের বিধিনিষেধ থাকছে না। গত বছর করোনা মহামারির কারণে দেশটির পবিত্র দুটি মসজিদ মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববিতে তারাবিহর নামাজ ২০ রাকাত থেকে কমিয়ে ১০ রাকাত করা হয়। এদিকে দেশটিতে পবিত্র রমজান উপলক্ষ্যে প্রবাসীদের কর্মঘণ্টা কমানো হয়েছে।
পবিত্র রমজান মাস এলেই সৌদি আরবে মধ্যরাত পর্যন্ত খোলা থাকে সব ব্যবসা প্রতিষ্ঠান। সেই সঙ্গে নাগরিকদের বাড়তি সুবিধা হিসেবে যোগ হয় নিত্যপণ্যের দাম কমানোর প্রতিযোগিতা। পাশাপাশি মার্কেটগুলোতে রোজাদারদের জন্য বিশেষ ছাড়ে পণ্য বিক্রয় করা হয়।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

