এমএনএ জাতীয় ডেস্কঃ জাতীয় ঈদগাহ ময়দানে দেশের প্রধান ঈদের জামাতে রাষ্ট্রপতি, মন্ত্রিপরিষদের সদস্য, কূটনীতিকসহ গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং ঢাকাবাসীকে অভ্যর্থনা জানাতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) পরিপূর্ণভাবে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির মেয়র শেখ ফজলে নূর তাপস।
আজ (বৃহস্পতিবার) দুপুরে জাতীয় ঈদগাহ ময়দানে দেশের প্রধান ঈদ জামাতের সার্বিক প্রস্তুতিমূলক কার্যক্রম সরেজমিন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মেয়র শেখ তাপস এ কথা জানান।
মেয়র তাপস বলেন, আমরা আশা করছি মহামান্য রাষ্ট্রপতি আমাদের সঙ্গে ঈদের জামাতে অংশ নেবেন। পাশাপাশি মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, সচিব, কূটনীতিকসহ ঊর্ধ্বতন ব্যক্তিবর্গ অংশগ্রহণ করবেন। ঢাকাবাসী ও সাধারণ মুসল্লিদের জন্য সুষ্ঠু আয়োজন করা হয়েছে। ওজুখানাসহ মহিলাদের জন্য আলাদা পথ রাখা হয়েছে। পর্যাপ্ত খাবার পানির ব্যবস্থা রেখেছি, যাতে এই ভ্যাপসা গরমে কেউ কষ্ট না পায়।
তিনি বলেন, হঠাৎ ঝড়-বৃষ্টি হলে যাতে পানি জমতে না পারে বা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত না হতে পারে, তাই পুরোটাই আমরা ত্রিপল দিয়েছি এবং পর্যাপ্ত পাখা ও চিকিৎসা সহযোগিতার ব্যবস্থাও রেখেছি। গতবারের তুলনায় এবার স্বাস্থ্য সেবাকেন্দ্র বেশি রাখা হয়েছে, চিকিৎসক বেশি রাখা হয়েছে। কারণ, যে তীব্র দাবদাহ চলছে, তাতে কেউ অসুস্থ হলে যেন সেবা দেওয়া যায়। সেজন্য সিভিল সার্জন অফিসসহ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন আলাদা স্বাস্থ্য সেবা কেন্দ্রের ব্যবস্থা করেছে। যেহেতু মহামান্য রাষ্ট্রপতি আসবেন, তাই এসএসএফসহ আমাদের আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তার ব্যবস্থা করেছেন। জাতীয় ঈদগাহে সবাইকে সাদরে অভ্যর্থনা জানাতে আমরা অপেক্ষায় আছি।
জাতীয় ঈদগাহে সবাইকে নামাজ আদায়ের আমন্ত্রণ জানিয়ে মেয়র তাপস বলেন, নারীদের নামাজের জন্য এখানে যেমন আলাদা ব্যবস্থা রয়েছে তেমনি বের হওয়ার জন্যও আলাদা গেটের ব্যবস্থা করা হয়েছে। নামাজ শেষে মুসল্লিরা বের হওয়ার সময় যেন কোনো সমস্যা না হয়, সে কারণে বের হওয়ার জন্য আমরা পর্যাপ্ত পথ রেখেছি। আমরা সবাই মিলে সুন্দর পরিবেশে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবো।
এসময় ডিএসসিসি মেয়র আরও বলেন, আমরা লক্ষ্য করছি, বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। তীব্র দাবদাহ রয়েছে। সুতরাং সবাইকে এ ব্যাপারে সচেতন-সতর্ক থাকবে আহ্বান করছি। দয়া করে কেউ কোনো দিয়াশলাই অথবা লাইটারজাতীয় কোনো বস্তু আনবেন না। নিরাপত্তা বাহিনীর সদস্যরা এ ব্যাপারে সজাগ থাকবে। সতর্ক থাকবে। আপনারা কেউ এ ধরনের বস্তু আনবেন না।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

