Don't Miss
Home / হোম স্লাইডার / রিজার্ভের অর্থ লোপাটে সরকার জড়িত: গয়েশ্বর

রিজার্ভের অর্থ লোপাটে সরকার জড়িত: গয়েশ্বর

মোহাম্মদী নিউজ এজেন্সী (এমএনএ) : বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট হ্যাকের মাধ্যমে রিজার্ভের বিপুল পরিমাণ অর্থ লোপাটে প্রতিষ্ঠানটি ও সরকারের লোকজনের যোগসাজস রয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

আজ শনিবার সকালে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে যুবদলের এক দোয়া ও মিলাদ মাহফিলে তিনি এ অভিযোগ করেন। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ১০ম কারাবন্দি দিবস উপলক্ষে এ মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

গয়েশ্বর বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের মত প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট হ্যাক হল, বিপুল পরিমাণ অর্থ লোপাট হল, আর এর সঙ্গে প্রতিষ্ঠানটির কেউ জড়িত নেই, এটা অবিশ্বাস্য। সরকারের লোকজনের যোগসাজস ছাড়া এ ধরনের ঘটনা ঘটানো অসম্ভব।’ এ সময় বিএনপির এই নেতা আসন্ন কাউন্সিল নিয়েও কথা বলেন।

Gayeshar Roy BNP

তিনি জানান, বিএনপি চেয়ারপারসন নেতৃত্ব নির্বাচনে কখনও ভুল করেননি, এবারও করবেন না। কাউন্সিলে এবার দলের পরীক্ষিতরাই নেতৃত্বে আসবে।

গয়েশ্বর বলেন, ‘আশা করি, সরকারের নির্যাতন-নিপীড়ন শিকার করেও বিগত দিনে আন্দোলন-সংগ্রামে যারা সক্রিয় ভূমিকা পালন করেছেন, তারাই দলের গুরুত্বপূর্ণ পদে আসবেন।’

তিনি বলেন, ‘এক শ্রেণীর পলাতক, চাটুকার নেতারা কাউন্সিল ঘিরে নেত্রীর সামনে চেহারা দেখাতে ব্যস্ত। এরা কখনও দলের বন্ধু হতে পারে না। এরা দলের জন্য মারাত্মক হুমকিস্বরূপ। তাদের বিরুদ্ধে হাই এন্টি-বায়োটিক দিতে হবে।’

গয়েশ্বর বলেন, ‘কাউন্সিল নেতা বানানোর জায়গা নয়। বর্তমান অবস্থান থেকে ঘুরে দাঁড়িয়ে জাতির আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার মঞ্চ। বিএনপির আসন্ন ষষ্ঠ জাতীয় কাউন্সিলের মধ্য দিয়ে জাতির আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে।’

তিনি আরও বলেন, ‘ তারেক রহমানের এখন বাংলাদেশে আসার কোনো পরিবেশ নেই। এজন্য দলের পক্ষ থেকে তাকে একটি সুনির্দিষ্ট দায়িত্ব দেয়া দরকার, যেটি তিনি বাইরে থেকেও পালন করতে পারবেন। এতে নেতাকর্মীরা আরও উৎসাহিত হবেন।’

যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের সভাপতিত্বে মিলাদে আরও উপস্থিত ছিলেন-বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, সহ-দপ্তর সম্পাদক আব্দুল লতিফ জনি, যুবদলের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ প্রমুখ।

x

Check Also

আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: মির্জা ফখরুল

এমএনএ প্রতিবেদক বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী (এলজিআরডি) মির্জা ফখরুল ইসলাম ...