Don't Miss
Home / হোম স্লাইডার / চিত্রনায়িকা দিতি আর নেই

চিত্রনায়িকা দিতি আর নেই

এমএনএ বিনোদন ডেস্ক : কোনো আশাই ছিলো না। তবুও মিরাকেল যদি কিছু হয়! কিন্তু হলো না। চলে গেলেন বাংলা চলচ্চিত্রের অন্যতম সেরা চিত্রনায়িকা পারভীন সুলতানা দিতি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর।

Diti-10

দীর্ঘদিন ধরে কোমায় থাকা দিতি আজ রবিবার বিকেল ৪টা ৫ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। তিনি এক কন্যা (লামিয়া চৌধুরী) ও এক পুত্র দীপ্ত এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মৃত্যুর আগ পর্যন্ত হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইইউ) চিকিৎসাধীন ছিলেন দিতি। দিতি দীর্ঘদিন ধরে নিউরোসার্জারি পরামর্শক সৈয়দ সায়ীদ আহমেদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুর সময় পাশে ছিলেন দিতির কন্যা (লামিয়া চৌধুরী) ও পুত্র দীপ্ত।

দিতির মৃতদেহ এখনও আইসিইউতেই রাখা হয়েছে। এসব তথ্য সাংবাদিকদেরকে নিশ্চিত করেছেন হাসপাতালের কমিউনিকেশন অ্যান্ড মার্কেটিং বিভাগের প্রধান সাগুফা আনোয়ার।

Diti-9

১৯৬৫ সালের ৩১ মার্চ নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ে জন্মগ্রহণ করেন দিতি।

চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব মুশফিকুর রহিম গুলজার জানিয়েছেন, দিতির মৃতদেহ আগামীকাল সোমবার দুপুরে তার গ্রামের বাড়ি সোনারগাঁওয়ে নেয়া হবে।

তিনি জানান, এর আগে সকালে বিএফডিসিতে অনুষ্ঠিত হবে প্রথম জানাজা আর তার বাড়িতে জানাজা শেষে তার মায়ের কবরের পাশে তাকে দাফন করা হবে।

গত বছরের মাঝামাঝি অসুস্থ হয়ে পড়েন দিতি। তখন পরীক্ষায় তার মস্তিষ্কে টিউমার ধরা পড়ে। টিউমারটিকে মস্তিস্কের ক্যানসার হিসেবে সনাক্ত হয়।

Diti

এরপর এই জনপ্রিয় অভিনেত্রীকে গত বছরের ২৫ জুলাই ভারতের চেন্নাইয়ে মাদ্রাস ইন্সটিটিউট অব অর্থোপেডিকস অ্যান্ড ট্রমাটোলজি (এমআইওটি) হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু সেখানকার ডাক্তাররা আশানুরূপ কিছু করতে পারেননি।

এরপর ২৯ জুলাই প্রথম অস্ত্রোপচারের পর কেমো নিয়ে ২০১৫ সালের ২০ সেপ্টেম্বর দেশে ফেরেন জনপ্রিয় এই অভিনেত্রী। কিন্তু কেমোথেরাপির পার্শ্বপ্রতিক্রিয়ার কারণে আবারও অসুস্থ হয়ে পড়েন। এ কারণে ৩০ অক্টোবর তাকে ভর্তি করা হয় রাজধানীর স্কয়ার হাসপাতালে।

অবস্থা অপরিবর্তিত থাকার কারণে গত বছরের ৩ নভেম্বর দ্বিতীয় দফায় দিতিকে চেন্নাই নেওয়া হয়। এর দু’দিনের মাথায় ৫ নভেম্বর তার মস্তিষ্কে দ্বিতীয়বারের মতো সফল অস্ত্রোপচারের মাধ্যমে মস্তিষ্কে জমে থাকা পানি অপসারণ করা হয়।

Diti-8

কিন্তু তখনও পুরোপুরি ঝুঁকিমুক্ত ছিলেন না। তার অবস্থা এতোই গুরুতর ছিলো যে, মাসখানেক নিজের দুই সন্তান ও আত্মীয়-স্বজনদের চিনতে পারছিলেন না তিনি

দেশে ফেরার পরপরই তাকে ভর্তি করা হয় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে।

অসুস্থ হওয়ার আগে দিতি ‘লাইফ ইন আ মেট্রো’ ও ‘মেঘে ঢাকা শহর’ নামে দুটি নতুন ধারাবাহিক নাটকে কাজ করছিলেন। এছাড়াও প্রায় দুই শতাধিক ছবিতে কাজ করা এ অভিনেত্রী বদিউল আলম খোকন পরিচালিত ‘রাজা বাবু’ ছবির কাজও করছিলেন।

তার অভিনীত প্রথম চলচ্চিত্র ‘ডাক দিয়ে যাই’। উদয়ন চৌধুরী পরিচালিত সিনেমাটি শেষ পর্যন্ত মুক্তি পায়নি।

Diti-5

দিতি অভিনীত মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র ছিলো আজমল হুদা মিঠু পরিচালিত ‘আমিই ওস্তাদ’। এরপর দিতি প্রায় দুই শতাধিক ছবিতে অভিনয় করেন।

অসুস্থ হওয়ার আগ পর্যন্ত ছোট পর্দায়ও দিতি ছিলেন নিয়মিত আর সপ্রতিভ। অসংখ্য একক নাটক, টেলিছবি ও ধারাবাহিক নাটকে দেখা গেছে তাকে। এ ছাড়া রান্না বিষয়ক অনুষ্ঠানও উপস্থাপনা করেছেন। গায়িকা হিসেবেও প্রশংসা কুড়িয়েছেন দিতি। বেরিয়েছে তার একক অ্যালবামও। অনেক বিজ্ঞাপনচিত্রেও মডেল হন তিনি।

দিতির উল্লেখযোগ্য চলচ্চিত্র: হীরামতি, দুই জীবন, ভাই বন্ধু, উছিলা, লেডি ইন্সপেক্টর, খুনের বদলা, আজকের হাঙ্গামা, দুর্জয়, স্নেহের প্রতিদান (১৯৯৯), শেষ উপহার, চরম আঘাত, স্বামী-স্ত্রী, অপরাধী, কালিয়া, কাল সকালে (২০০৫), মেঘের কোলে রোদ (২০০৮), আকাশ ছোঁয়া ভালোবাসা (২০০৮), মুক্তি (২০১৪), কঠিন প্রতিশোধ (২০১৪), জোনাকির আলো (২০১৪), তবুও, ভালোবাসি (২০১৩), পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী (২০১৩), হৃদয় ভাঙ্গা ঢেউ (২০১১), মাটির ঠিকানা (২০১১), নয় নম্বর বিপদ সংকেত (২০০৭), দূর্জয় (১৯৯৬), সুইট হার্ট।

Diti-3

সর্বশেষ গত মাসে মুক্তি পায় দিতি অভিনীত ‘সুইটহার্ট’ (রিয়াজ, মিম, বাপ্পি চৌধুরী)। এ ছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে ‘ধূমকেতু’ (শাকিব খান, পরীমনি) ছবিটি। সুভাষ দত্তর ‘স্বামী স্ত্রী’ ছবিতে আলমগীরের স্ত্রীর চরিত্রে দারুণ অভিনয় নৈপুণ্যের জন্য প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি।

ব্যক্তিজীবনে চিত্রনায়ক সোহেল চৌধুরীকে ভালোবেসে বিয়ে করেছিলেন দিতি। তাদের সংসার আলো করেছে লামিয়া ও দীপ্ত। সোহেলের মৃত্যুর পর চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চলের সঙ্গে ঘর বাঁধেন দিতি। কিন্তু সে বিয়েও বেশিদিন টেকেনি।

x

Check Also

দিল্লি বিমানবন্দরে অপেক্ষায় রাখার প্রতিবাদে ফিরে এসেছি: জাহেদ উর রহমান

এমএনএ প্রতিবেদক ভারতের দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় আড়াই ঘণ্টা অপেক্ষায় রাখার ঘটনাকে হয়রানিমূলক ...