এমএনএ রিপোর্ট : দেশের প্রথম দফায় ৭১৭টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রায় সবক’টি ভোটকেন্দ্র থেকে বিএনপি প্রার্থীর এজেন্টদের বের করে ক্ষমতাসীন আওয়ামী সন্ত্রাসীরা জোর করে ব্যালট পেপারে সিল মেরে জাল ভোট দিচ্ছে হচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি।
নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আজ মঙ্গলবার সকালে এক সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এ অভিযোগ করেন।
তিনি বলেন, আমাদের কাছে এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী প্রায় সবক’টি ইউনিয়ন পরিষদেই দখল করে ব্যালট পেপারে সিল মারা হচ্ছে। কোন কোন কেন্দ্রে এসব করা হচ্ছে- তা লিপিবদ্ধ করে পরে জানাতে পারব।

রিজভী অভিযোগ করেন, ইউপি নির্বাচনেও ভোটকেন্দ্র দখল করে নিয়েছে আওয়ামী সন্ত্রাসীরা। ভোটকেন্দ্রগুলো থেকে বিএনপি প্রার্থীর এজেন্টদের বের করে দেয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগের প্রার্থী ও সমর্থকদের বিরুদ্ধে ভোটকেন্দ্র দখল ও ব্যালট পেপারে সিল মারার বিভিন্ন অভিযোগ তুলে ধরেন তিনি।
তিনি আরও বলেন, নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে আমরা যে আশঙ্কা করেছিলাম- তা শতভাগ সত্য বলে প্রমাণিত হয়েছে। সকল থেকেই কেন্দ্র দখল করে ভোট জালিয়াতির ঘটনা ঘটছে। মুন্সিগঞ্জ, ভোলো, বরিশাল, পিরোজপুরসহ বেশ কয়েকটি জেলার ইউপি নির্বাচনের এলাকা ভিত্তিক নির্বাচনী সহিংসতার চিত্র সাংবাদিকদের সামনে তুলে ধরেন রিজভী।
রিজভী বলেন, ঝালকাঠি সদর উপজেলার ৩ নং নবগ্রাম ইউনিয়নে গতকাল মাগরিবের পর আওয়ামী সন্ত্রাসীরা সশস্ত্র অবস্থায় হোন্ডা নিয়ে এসে ধানের শীষের প্রার্থীর নির্বাচনী কার্যালয় পুড়িয়ে দিয়েছে।
রিজভীর অভিযোগ, ইউপি নির্বাচনকে কেন্দ্র করে গতকাল সোমবার রাতে নোয়াখালী সরকারী পুরাতন কলেজের সামনে ছাত্রদল নেতা ফজলে রাব্বি রাজিবকে গুলি করে হত্যা করে ছাত্রলীগ ক্যাডাররা। এর জন্য একদিন নির্বাচন কমিশনে বর্তমানে যারা দায়িত্বে আছেন তাদের জবাব দিতে হবে।

রাজিবকে হত্যাকারী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি।
বিএনপি এ মুখপাত্র অভিযোগ করেন, ঝালকাঠি জেলার ২ নং বিনয়কাঠি ইউনিয়নের সকল ভোটকেন্দ্র গতকাল সোমবার সন্ধ্যার পর আওয়ামী লীগের লোকজন দখল করে নিয়েছে। প্রশাসনকে জানালেও কোন ব্যবস্থা নেয়া হচ্ছে না। পুরো ঝালকাঠি জেলার চারটি উপজেলার সকল ইউনিয়নেই একই অবস্থা।
বরিশাল জেলাধীন গৌরনদী ও আগৈলঝরায় ১২টি ইউনিয়নের সমস্ত ভোটকেন্দ্র থেকে বিএনপির এজেন্টদের জোর করে বের করে দিয়েছে আওয়ামী সন্ত্রাসীরা। প্রশাসনের কোন ভূমিকা নেই।
মুলাদী, হিজলা ও মেহেন্দিগঞ্জ উপজেলার সবকটি ভোটকেন্দ্র দখল করে নিয়েছে আওয়ামী সন্ত্রাসীরা। ভোটকেন্দ্রগুলো থেকে বিএনপি প্রার্থীর এজেন্টদের বের করে দেয়া হয়েছে। প্রশাসন প্রতিকারের পরিবর্তে উল্টো সন্ত্রাসীদের সহযোগিতা করছে।
রিজভী আরও বলেন, পিরোজপুর জেলাধীন মঠবাড়িয়া উপজেলার ১০টি ইউপি নির্বাচনে গতরাত থেকেই সবকটি ভোটকেন্দ্র দখলে নিয়ে ব্যালট পেপারে সিল মারছে আওয়ামী ক্যাডার বাহিনী। ভোটকেন্দ্রগুলো থেকে বিএনপি’র এজেন্টদের বের করে দেয়া হয়েছে। প্রশাসনের সহায়তায় এলাকাগুলোতে আওয়ামী সন্ত্রাসীদের দৌরাত্ম চরম আকার ধারণ করেছে।

রিজভী বলেন, ভোলা জেলাধীন চরফ্যাশন উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির এজেন্টদেরকে ভোটকেন্দ্র থেকে অস্ত্রের মুখে বের করে দেয়া হয়েছে। মনপুরা উপজেলার হাজিরহাট ইউনিয়নেরও একই অবস্থা।
বোরহানউদ্দিন উপজেলার ৭টি এবং দৌলতখান উপজেলার ৬টি ইউনিয়নের সবকটিতে সকল ভোটকেন্দ্র দখল করে নিয়েছে আওয়ামী সন্ত্রাসীরা।
দৌলতখানে দক্ষিণ জয়নগর ইউপি নির্বাচনে মেম্বার প্রার্থী ও ইউনিয়ন বিএনপি নেতা আলম মেম্বারের ওপর সশস্ত্র হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করেছে আওয়ামী সন্ত্রাসীরা। গুরুতর আহত হয়ে মুমূর্ষু অবস্থায় তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তিনি বলেন, মুন্সীগঞ্জ জেলাধীন সিরাজদিখান উপজেলার সকল ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী সন্ত্রাসীরা ভোটকেন্দ্রগুলি দখলে নিয়ে ব্যালট পেপারে দেদারসে সিল মারছে। সেখানে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও এজেন্টদের ভোটকেন্দ্র থেকে বের করে দিয়ে এলাকাগুলোতে ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছে। এলাকাগুলোতে চরম থমথমে অবস্থা বিরাজ করছে। প্রশাসন নিরব ভূমিকা পালন করছে।

যশোরের মনিরামপুর উপজেলার প্রায় সবকটি ইউপি নির্বাচনে অধিকাংশ ভোটকেন্দ্র দখল করে নিয়েছে আওয়ামী ক্যাডার বাহিনী। সে সমস্ত ভোটকেন্দ্রে বিএনপি এজেন্টদের এবং সমর্থক ভোটারদের ঢুকতে দেয়া হচ্ছে না। এছাড়া বাগেরহাট জেলাধীন মংলা, রামপাল, শরণখোলা, ফকিরহাট, মোড়েলগঞ্জ, কচুয়া ও সদর উপজেলার সবকটি ইউপি নির্বাচনে সকল ভোটকেন্দ্র দখল করে নিয়েছে আওয়ামী সশস্ত্র সন্ত্রাসীরা। ভোটকেন্দ্রগুলো থেকে বিএনপির এজেন্টদের বের করে দেয়া হয়েছে।
শরণখোলা উপজেলাধীন রায়েন্দা ইউপি নির্বাচনে ধানের শীষের প্রার্থী মানিকের বাসার সামনে এবং ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এনায়েতের বাসার সামনে গতরাতে বোমা ফাটিয়েছে আওয়ামী সন্ত্রাসীরা। এলাকায় চরম ভীতিকর অবস্থা বিরাজ করছে।
তিনি বলেন, স্থানীয় রিটার্নিং অফিসারের কাছে অভিযোগ দিলেও তারা তুচ্ছ-তাচ্ছিল্য এবং হাসি-তামাশা করছেন।
রুহুল কবির রিজভী বলেন, ৭১৭টি ইউনিয়ন পরিষদে নির্বাচন চলছে। প্রায় সবকয়টিতেই আওয়ামী লীগ কেন্দ্র দখল, ব্যালট ছিনতাই ও জালভোটের তান্ডব চালাচ্ছে।

এ বিএনপি নেতার দাবি, প্রশাসন ইউপি নির্বাচনের অনিয়মের প্রতিকারের পরিবর্তে উল্টো ‘সন্ত্রাসীদের’ সহযোগিতা করছে।
বিএনপির এই নেতা বলেন, প্রধান নির্বাচন কমিশনার বলেছেন ‘প্রশাসনের কাঙ্ক্ষিত সহযোগিতা পাচ্ছি না’। যদি তাই হয় তাহলে জনগণের প্রশ্ন আপনারা (নির্বাচন কমিশন) পদত্যাগ করছেন না কেনো ?
নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্তদের সমালোচনা করে রিজভী বলেন, চাকরির জন্য মানুষ এত নিচে নামতে পারে তাদের না দেখলে বিশ্বাস করা যায় না। অথচ প্রশাসনের মাধ্যমে শাসকদলের সন্ত্রাসীদের দমাতে পারলেই নির্বাচন সুষ্ঠু হতো।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক আবদুস সালাম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম, সহ-দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, ছাত্রদলের দফতর সম্পাদক মো. আবদুস সাত্তার পাটোয়ারি প্রমুখ।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

