এমএনএ রিপোর্ট : সরকারকে অবৈধ আখ্যা দিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, এই সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্যই প্রধানমন্ত্রীর ছেলে সজিব ওয়াজেদ জয় ইসরায়েলের লিকুদ পার্টির নেতা মেন্দি সাফাদির সঙ্গে বৈঠক করেছেন।
আজ রবিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন রিজভী। জয়ের সঙ্গে ইসরায়েলের ক্ষমতাসীন লিকুদ পার্টির নেতা মেন্দি এন সাফাদির সাক্ষাৎ করার দাবি নিয়ে বিবিসির প্রকাশিত খবর প্রসঙ্গে রিজভী এ কথা বলেন।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ইসরায়েলের ক্ষমতাসীন লিকুদ পার্টির নেতা মেন্দি এন সাফাদির সঙ্গে
প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়ের বৈঠক হয়েছে। এ ‘সাক্ষাৎকে’ ষড়যন্ত্র ও দূরভিসন্ধিমূলক বলে মন্তব্য করে রিজভী বলেন, এ বিষয়ে সরকার কী ব্যবস্থা নেয় তা জনগণ দেখতে চায়।
অবশ্য সজীব ওয়াজেদ জয় ফেসবুক স্ট্যাটাসে বলেছেন, ‘আমার সঙ্গে মেন্দির কোনো সময়েই সাক্ষাৎ হয়নি।’ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাতক মাহবুব আলম হানিফ বলেছেন, জয়ের সঙ্গে মেন্দির বৈঠকের কথা বিএনপির সাজানো নাটক।
ইসরাইলের লিকুদ পার্টির নেতা সাফাদির সঙ্গে তার দল বিএনপি নেতা আসলাম চৌধুরীর বৈঠক বিষয়ে রিজভী বলেন, ভারতের একজন মেয়রের একটি অনুষ্ঠানে গিয়েছিলেন আসলাম চৌধুরী। সেখানে সাফাদি উপস্থিত ছিলেন।
তিনি দাবি করেন, সাফাদির সঙ্গে সরকার উৎখাতের ষড়যন্ত্রের কোনো বৈঠক হয়নি বিএনপি নেতার। সরকার ষড়যন্ত্রের কথা বললেও তা প্রমাণ করতে পারেনি।
রিজভী বলেন, কোনো প্রকার তথ্য-প্রমাণ ছাড়াই সরকার আসলাম চৌধুরীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দিয়েছে এবং তাকে গ্রেফতার করে তার ওপর নির্যাতন করছে।
আজকের সংবাদ সম্মেলনে বিএনপি নেতা আসলাম চৌধুরী প্রসঙ্গ উল্লেখ করে রুহুল কবির রিজভী বলেন, একজন নির্দোষ মানুষকে জেলে আটকে রাখা হলো। আর এখন বলা হচ্ছে, মেন্দির সঙ্গে জয়ের বৈঠক একটি নাটক। তিনি বলেন, ‘বিএনপির কেউ কথা বললে
দেশদ্রোহী হয়ে যায়। আর প্রধানমন্ত্রীর ছেলে বললে দেশপ্রেমিক হয়ে যায়।’
‘সাক্ষাৎ’ নিয়ে বিএনপির অবস্থান কী সাংবাদিকেরা জানতে চাইলে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, ‘জয় কী উদ্দেশ্য নিয়ে সাফাদির সঙ্গে বৈঠক করেছেন, তা জানা নেই। তবে তাঁরা আভাস পেয়েছেন, ‘অবৈধ সরকারের’ সমর্থন আদায়ের জন্য কূটনৈতিক পর্যায়ে চেষ্টা চলছে।’
সংবাদ সম্মেলনে রুহুল কবির অভিযোগ করেন, আগামীকাল সোমবার দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে জিয়ার মাজারে ড্যাব রক্তদান কর্মসূচির আয়োজন করেছে। এ জন্য প্যান্ডেল করা হয়েছিল। কিন্তু পুলিশ তা ভেঙে ফেলেছে।
গত শুক্রবার বিবিসি বাংলার অনলাইন সংস্করণে বলা হয়, সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে গত বছর মেন্দি এন সাফাদির সাক্ষাৎ হয়েছিল। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে জয়ের কার্যালয়ে এই বৈঠক হয়। সাফাদির একজন আমেরিকান বন্ধু তাঁদের দুজনের এই বৈঠকের আয়োজন করেন বলেও ওই খবরে উল্লেখ করা হয়। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম ইউটিউবেও সাফাদির একটি সাক্ষাৎকার ছড়িয়ে পড়েছে। সেখানেও তিনি জয়ের সঙ্গে বৈঠকের কথা উল্লেখ করেছেন।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

