Don't Miss
Home / আইন আদালত / তুফান-রুমকিকে জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ

তুফান-রুমকিকে জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ

এমএনএ রিপোর্ট : বগুড়ায় শিক্ষার্থী ধর্ষণ ও নির্যাতনের দুটি মামলার প্রধান অভিযুক্ত তুফান সরকার ও রুমকিকে জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে মামলার তদন্তকারী কর্মকর্তাকে আগামী সাত দিনের মধ্যে জেল গেইটে আসামিদের জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।

শ্রমিক-লীগের বহিষ্কৃত নেতা তুফান সরকার ও পৌরসভার সংরক্ষিত নারী কাউন্সিলর মার্জিয়া হাসান রুমকিকে আজ রবিবার বিকেলে মামলার তদন্তকারী কর্মকর্তা ও সদর থানার পরিদর্শক (অপারেশন) আবুল কালাম আজাদ তাদেরকে আদালতে হাজির করে আরও পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন। বগুড়ার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম শ্যামসুন্দর রায়ের আদালতে ওই আবেদনের ওপরে শুনানি হয়। এদিকে আসামিপক্ষ জামিনের আবেদন জানায়। আদালত জামিন না মঞ্জুর করার পাশাপাশি রিমান্ডের আবেদনও নাকচ করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, ‘প্রধান আসামি তুফান সরকারকে তিন দফায় সাত দিন এবং মার্জিয়া হাসান রুমকিকে দুই দফায় ছয় দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তবে তুফান নির্যাতিতা ওই শিক্ষার্থীকে ধর্ষণ এবং নারী কাউন্সিলর মার্জিয়া মা-মেয়েকে নির্যাতন ও চুল কেটে দেওয়ার কথা স্বীকার করেননি।

শেষ দফায় গত শুক্রবার বগুড়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মোহা. আহসান হাবিবের আদালত তুফান ও রুমকির দু’দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন। ওই দিন একই আদালতে তুফান সরকারের সহযোগী মুন্না ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। এর আগে আদালতে দোষ স্বীকার করে ১৬৪ ধারায় আরও স্বীকারোক্তি প্রদান করেছে তুফানের আরেক সহযোগী আতিক এবং নাপিত জীবন রবিদাস।

প্রসঙ্গত, ১৭ জুলাই ভালো কলেজে ভর্তির কথা বলে সদ্য মাধ্যমিক পাস করা এক শিক্ষার্থীকে বাসায় এনে ধর্ষণ করেন বগুড়া শহর শ্রমিকলীগের আহ্বায়ক (বর্তমানে বহিষ্কৃত) তুফান সরকার। এরপর গত শুক্রবার (২৮ জুলাই) বিকেলে তুফানের স্ত্রী আশা, তার বড় বোন বগুড়া পৌরসভার সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর মার্জিয়া হাসান রুমকি ও তার মা রুমি বেগমসহ তাদের সহযোগীরা কাউন্সিলরের চকসুত্রাপুর এলাকার বাসায় শালিসের নামে মা-মেয়ের ওপর অমানবিক নির্যাতন করে।

x

Check Also

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ফাইল অনুমোদন নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য, অনিয়ম প্রমাণে চ্যালেঞ্জ আসিফ মাহমুদের

এমএনএ প্রতিবেদক স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কোনো ফাইলে অনিয়ম হয়ে থাকলে তা সুনির্দিষ্টভাবে প্রকাশ ও প্রমাণ ...