এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক টুইটে ৫৭০ কোটি ডলারের ক্ষতির সম্মুখীন হয়েছে বিশ্বের সেরা ই-কমার্স সাইট অ্যামাজন ডট কম।
ইতিমধ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সময়ে সময়ে বিভিন্ন বিষয়ে টুইট করে নানান বিতর্কের জন্ম দিয়ে বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেছেন ।
গতকাল বুধবার টুইটারে অ্যামাজন ডটকমের সমালোচনা করে এক টুইট করেন ট্রাম্প। অ্যামাজন করদাতা খুচরা বিক্রেতাদের ক্ষতি করছেন—টুইটে এটা বলার পরই শেয়ারের মূল্য কমতে শুরু করে অ্যামাজনের। ট্রাম্পের এ মন্তব্যের দুই ঘণ্টার মধ্যে প্রতিষ্ঠানটির শেয়ারমূল্য কমে যায় ১.২ শতাংশ। একপর্যায়ে সামগ্রিকভাবে
প্রতিষ্ঠানটি শেয়ারবাজার থেকে হারায় ৫৭০ কোটি ডলার।
টুইটে বিশ্বের অন্যতম ক্ষমতাধর দেশের প্রেসিডেন্ট ট্রাম্প লেখেন, ‘অ্যামাজন করদাতা খুচরা বিক্রেতাদের বড় ক্ষতি করছে। যুক্তরাষ্ট্রজুড়ে ছোট-বড় শহর আর অঙ্গরাজ্যগুলো এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে, চাকরি হারিয়েছেন অনেক কর্মী!’
ট্রাম্পের টুইটের প্রতিবাদ জানিয়েছে অ্যামাজন। বিশ্বের সেরা এই ই-কমার্স সাইটের পক্ষ থেকে বলা হয়েছে, এই প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রজুড়ে গ্রাহক চাহিদা মেটাতে ৫০ হাজারের বেশি চাকরি সৃষ্টি করেছে।
ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে অ্যামাজনের বিরোধপূর্ণ সম্পর্ক এর আগেও দেখা গেছে। অ্যামাজনের প্রধান জেফ বেজোস প্রভাবশালী মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্টের মালিক। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বিবাদে থাকা বড় সংবাদমাধ্যমগুলোর মধ্যে ওয়াশিংটন পোস্টও একটি।
ট্রাম্প আগেও অ্যামাজন এবং ওয়াশিংটন পোস্টের সমালোচনা করেছিলেন। অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের সংবাদ প্রকাশের জেরেই ট্রাম্পের এই সমালোচনা। এ বছরের জুনে ট্রাম্পের টুইটে লেখেন, ‘অ্যামাজন ওয়াশিংটন পোস্ট, কখনো কখনো ইন্টারনেট কর পরিশোধ না করেও অ্যামাজনের অভিভাবক বনে যান।’
২০১৫ সালের ডিসেম্বরে ট্রাম্প অভিযোগ তোলেন, জেফ বেজোস তাঁর প্রতিষ্ঠানের করের বিল কমাতে আশ্রয় নেন ওয়াশিংটন পোস্টের। ট্রাম্পের দাবি, এ কাজ না (ওয়াশিংটন পোস্টের আশ্রয়) করলে অ্যামাজনের শেয়ার ‘কাগজের খণ্ডিত অংশের’ মতো হতো।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

