এমএনএ অর্থনীতি রিপোর্ট : প্রথম বাংলাদেশি কোম্পানি হিসেবে কানাডায় ওষুধ রপ্তানি শুরু করেছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
চোখের এলার্জির ওষুধ ‘ওলোপটাডিন’ গতকাল শনিবার রপ্তানির মাধ্যমে বেক্সিমকো কানাডার বাজারে প্রবেশ করেছে বলে আজ রবিবার প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ইন্টারকন্টিনেন্টাল মার্কেটিং সার্ভিসেসের (আইএমএস) তথ্যানুযায়ী, কানাডায় ওলোপটাডিন এর ১৪ মিলিয়ন ডলারের বাজার রয়েছে।
বেক্সিমকো ফার্মার ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান বলেন, বাংলাদেশে তৈরি কোনো ওষুধ প্রথম কানাডায় রপ্তানি হচ্ছে এটা আমাদের দেশের জন্য গর্বের।
উত্তর আমেরিকায় অপথালমিক ওষুধের রপ্তানি স্পেশালাইজড জেনেরিক প্রোডাক্ট উৎপাদনে আমাদের সক্ষমতারই বহিঃপ্রকাশ। আন্তর্জাতিক বাজারে বিশেষত উন্নত দেশগুলোতে শক্ত অবস্থান তৈরিতে আমাদের এই প্রয়াস অব্যহত থাকবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেক্সিমকো ফার্মার অপথালমিক ইউনিটটি বাংলাদেশের একমাত্র ফ্যাসিলিটি যা ইউরোপ, অস্ট্রেলিয়া এবং কানাডার অনুমোদন লাভ করেছে।
বর্তমানে বিশ্বের ৫০টিরও বেশি দেশে বেক্সিমকো ফার্মার ওষুধ রপ্তানি হচ্ছে।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

