Don't Miss
Home / আজকের সংবাদ / কোনো উস্কানিতে প্ররোচিত হবে না সরকার : কাদের

কোনো উস্কানিতে প্ররোচিত হবে না সরকার : কাদের

এমএনএ রিপোর্ট : রোহিঙ্গা ইস্যুতে কোনো ধরনের উস্কানিতে সরকার প্ররোচিত হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ শনিবার সকালে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার নিজ বাড়িতে অসুস্থ্য-অসহায় লোকজনের মাঝে এবং মসজিদ-মাদরাসার উন্নয়নমূলক কাজে অনুদানের চেক হস্তান্তর শেষে মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীর বর্তমান সংকট নিয়ে নানামুখী অপতৎপরতার বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব বথা বলেন।

মন্ত্রী বলেন, ‘জাতিসংঘ অধিবেশনে রোহিঙ্গা বিষয়ে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যকে বিশ্ব মিডিয়া বলেছে, এটা সুস্পষ্ট এবং বিশ্ব নেতৃবৃন্দের কাছে তা প্রশংসিত হয়েছে। তবে আমাদের দেশের একটি দলের কাছে এ বক্তব্য পছন্দ হয়নি। কারণ তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য ঠিকমতো শোনেননি বা বোঝার ক্ষমতা তাদের নেই।’

বিএনপির দিকে ইঙ্গিত করে ওবায়দুল কাদের বলেন, তাদের হাতে মূলত কোনো ইস্যু নেই। তাই রোহিঙ্গা ইস্যুকে পুঁজি করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। তাদের এ অপতৎপরতা সফল হবে না।

তিনি আরো বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গা সংকট খুবই বিচক্ষণতা ও দৃঢ়তার সাথে মোকাবেলা করছেন। আমরা তার নেতৃত্বে সর্তকতার সহিত পদক্ষেপ নিচ্ছি। রোহিঙ্গা সংকট নিয়ে আমরা সমাধানের দিকে এগিয়ে যাচ্ছি। এ মুহূর্তে বিরোধীদের পাগলা প্রলাপে বিভ্রান্ত হওয়া যাবে না।’

দেশে লাখ লাখ রোহিঙ্গাকে আশ্রয় এবং তাদের প্রয়োজনীয় খাবার, চিকিৎসা সামগ্রী ও বাসস্থানের ব্যবস্থা করে জননেত্রী শেখ হাসিনা বিশ্বের দরবারে ‘মাদার অব হিউম্যানিটি’ পরিচিতি লাভ করেছেন— এ কথা উল্লেখ করে আওয়ামী লীগে সাধারণ সম্পাদক বলেন, ইউরোপের গণতান্ত্রিক দেশগুলো এ কাজের জন্য শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেছে।

চেক হস্তান্তর অনুষ্ঠানে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) একেএম জহিরুল ইসলাম, কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, উপজেলা আওয়ামী লীগ সভাপতি খিজির হায়াত খান, কবিরহাট পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জহিরুল হক রায়হান প্রমুখ উপস্থিত ছিলেন।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...