সকল হাইড্রোলিক হর্ন জমা দেওয়ার নির্দেশ
Posted by: News Desk
October 8, 2017
এমএনএ রিপোর্ট : গাড়ির মালিক-চালকদের কাছে থাকা সকল হাইড্রোলিক হর্ন আগামী ১৫ দিনের মধ্যে নিকটস্থ থানায় জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
আজ রবিবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। হাইড্রোলিক হর্ন সংক্রান্ত হাইকোর্টের পূর্ববর্তী একটি নির্দেশের প্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশসহ (ডিএমপি) সংশ্লিষ্টরা আদালতে একটি অগ্রগতি প্রতিবেদন দাখিলের পর এ নির্দেশ দেয়া হয়।
গাড়িতে হাইড্রোলিক হর্নের ব্যবহার বন্ধের নির্দেশনা চেয়ে করা এক রিটের শুনানি নিয়ে গত ২৩ আগস্ট হাইড্রোলিক হর্ন বন্ধে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না এবং সারাদেশে হাইড্রোলিক হর্ন বন্ধে কেন নির্দেশ দেওয়া হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।
পাশাপাশি রাজধানীতে চলাচলকারী সব যানবাহনে হাইড্রোলিক হর্নের ব্যবহার ৪৮ ঘণ্টার মধ্যে বন্ধ, ২৭ আগস্টের পর কোনো গাড়িতে হাইড্রোলিক হর্ন থাকলে সে গাড়ি জব্দ এবং হাইড্রোলিক হর্নের আমদানি বন্ধ করে বাজারে এখনও যেসব হর্ন রয়েছে তা জব্দের নির্দেশ দেন হাইকোর্ট।

এছাড়া দুই সপ্তাহের মধ্যে এ আদেশ বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন আদালতে দাখিল করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশসহ (ডিএমপি) সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়। আজ রবিবার সেই অগ্রগতি প্রতিবেদন দাখিলের পর হাইকোর্ট আগামী ১৫ দিনের মধ্যে গাড়ির মালিক-চালকদের কাছে থাকা হাইড্রোলিক হর্ন থানায় জমা দেওয়া নির্দেশ দেন।
শব্দদূষণ রোধে গাড়িতে হাইড্রলিক হর্ন ব্যবহার বন্ধে সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে গত ২২ আগষ্ট রিটটি দায়ের করে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) – এর পক্ষে রিটটি করেছিলেন আইনজীবী মনজিল মোরসেদ।
রিটে বলা হয়, মোটরযান অধ্যাদেশ অনুযায়ী যানবাহনে শব্দ দূষণকারী হাইড্রোলিক হর্ন ব্যবহার নিষিদ্ধ হলেও তা মানা হচ্ছে না। সাধারণ হর্নেও তুলনায় হাইড্রোলিক হর্নে শব্দ হয় কয়েক গুণ বেশি।
নগরীতে চলাচলকারী যানবাহনে এ ধরনের হর্ন ব্যবহারে মারাত্মক শব্দ দূষণ তৈরি হয়।
জমা দেওয়ার হর্ন সকল হাইড্রোলিক 2017-10-08