খাগড়াছড়িতে ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যা
Posted by: News Desk
January 3, 2018
এমএনএ জেলা প্রতিনিধি : খাগড়াছড়ি সদরে পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) কেন্দ্রীয় সদস্য মিঠুন চাকমাকে (৩৮) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
আজ বুধবার বেলা সোয়া ১২টার দিকে শহরের স্লুইচ গেইট এলাকায় তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে সন্ত্রাসীরা। পরে হাসপাতালে নেয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়।
শহরের অপর্ণা চরণ চৌধুরী পাড়ার বাসিন্দা স্বপন কিশোর চাকমার ছেলে এই তরুণ ইউপিডিএফ’র কেন্দ্রীয় কমিটির সদস্য ও খাগড়াছড়ি জেলা সংগঠক ছিলেন। মিঠুনের একটি ছোট সন্তান রয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোহাম্মদ আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গুলিবিদ্ধ মিঠুনকে স্থানীয়রা খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। শহরের নিরাপত্তায় বাড়তি ফোর্স নিয়োগ করা হয়েছে।
তবে কে বা কfরা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সে বিষয়ে ওসি তারেক কিছু বলতে পারেননি। তবে পুলিশ ঘটনাটি তদন্ত করছে বলে জানান তিনি।
ইউপিডিএফ জানিয়েছে, আদালতে একটি মামলায় হাজিরা শেষে শহরের অপর্ণা চৌধুরী পাড়ার নিজ বাড়িতে ফেরার পথে আনুমানিক বেলা সাড়ে ১২টার দিকে একদল সশস্ত্র সন্ত্রাসী মিঠুনকে অপহরণ করে স্লুইস গেইট এলাকায় নিয়ে যায়। সেখানে সন্ত্রাসীরা তাকে মাথায় ও পেটে গুলি করে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মিঠুন তার ছোট ভাইয়ের সঙ্গে মোটরসাইকেলে ফেরার সময় অজ্ঞাত সন্ত্রাসীরা দুটি মোটরসাইকেল ও একটি অটোরিকশা নিয়ে অনুসরণ করে। বাসার কাছে মোটরসাইকেল থেকে নামার সময় তারা তাকে জোর করে তুলে একটু দূরে নিয়ে খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায়।
চিকিৎসকরা জানিয়েছেন, মিঠুনের শরীরে ৬টি গুলির চিহ্ন দেখা গেছে।
এদিকে, ইউপিডিএফ সাধারণ সম্পাদক রবি শংকর চাকমা এক বিবৃতিতে খাগড়াছড়িতে ‘নব্য মুখোশবাহিনী সন্ত্রাসী কর্তৃক’ সংগঠক মিঠুন চাকমাকে গুলি করে হত্যার ঘটনাকে ‘কাপুরুষোচিত, বর্বরোচিত ও ক্ষমার অযোগ্য অপরাধ’ বলে অভিহিত করেন। একইসঙ্গে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তিনি।
গুলি হত্যা করে খাগড়াছড়িতে ইউপিডিএফ নেতাকে 2018-01-03