ঢাকায় ফানুস ওড়ানো নিষিদ্ধ : ডিএমপি
Posted by: News Desk
January 6, 2018
এমএনএ রিপোর্ট : ফানুস ওড়ানোর কারণে অগ্নিকাণ্ডসহ নানা ধরনের নিরাপত্তাজনিত হুমকির সৃষ্টি হচ্ছে উল্লেখ করে এখন থেকে রাজধানী ঢাকায় যেকোনো ধরনের ফানুস ওড়ানো থেকে বিরত থাকতে বলেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ডিএমপির এই নিষেধাজ্ঞা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আজ শনিবার বিকেলে ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
নিরাপত্তার কারণ দেখিয়ে খ্রিস্টীয় নতুন বছরের উৎসবে লাগাম টানা নিয়ে সমালোচনার রেশ কাটতে না কাটতেই নগরবাসীর ওপর নতুন এই নিষেধাজ্ঞা দিল পুলিশ।
ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ইদানীং লক্ষ করা যাচ্ছে যে কিছু ব্যক্তি বা গোষ্ঠী বিভিন্ন অনুষ্ঠান উপলক্ষে ঢাকা মহানগরীর বিভিন্ন জায়গা থেকে আকাশে ফানুস উড়িয়ে দিচ্ছেন। এসব ফানুসে কেরোসিন দ্বারা প্রজ্বলিত বাতি থাকায় এগুলো জ্বলন্ত অবস্থায় জনবহুল মহানগরীর বিভিন্ন জায়গায় পড়ছে। এতে অগ্নিকাণ্ডসহ নানা নিরাপত্তাজনিত হুমকির সৃষ্টি হচ্ছে। মহানগরীতে ফানুস ওড়ানো অব্যাহত রাখলে যেকোনো সময় বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে।
এ অবস্থায় ঢাকা মেট্রোপলিটন এলাকায় যেকোনো ধরনের ফানুস ওড়ানো থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হলো। এর ব্যত্যয় হলে নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতকল্পে ফৌজদারি কার্যবিধি অনুসারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
বৌদ্ধদের ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমার অন্যতম আকর্ষণ থাকে ফানুস উড়ানো, যা অনেকের কাছেই আগ্রহের। এছাড়া থার্টি ফার্স্ট নাইটসহ বিভিন্ন আনন্দ উৎসবে ফানুস উড়ানো হয়ে থাকে।
২০১৬ সালের ১ জুলাই গুলশানের হলি আর্টিজান ক্যাফেতে নজিরবিহীন জঙ্গি হামলার পর বিভিন্ন উৎসবে বাড়তি সতর্কতা নিয়ে আসছে পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনী।
এরপর দুই থার্টি ফার্স্টেই ঢাকায় উন্মুক্ত স্থানে সব ধরনের আয়োজন নিষিদ্ধ করে পুলিশ। এ বছর ঢাকার মোড়ে মোড়ে তল্লাশির পাশাপাশি বাসা-বাড়ির ছাদেও করতে বারণ করা হয়।
তবে ঘড়ির কাটা রাত ১২টা পেরোনোর সঙ্গে সঙ্গে ঢাকার প্রায় সব জায়গায় বিভিন্ন ভবন থেকে আতশবাজি ও ফানুস উড়িয়ে ঢাকার আকাশ আলোকিত হয়।
এর মাধ্যমে সাধারণ মানুষ পুলিশের বাড়তি কড়াকড়ির জবাব দিয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য করেন অনেকে।
ফানুস ওড়ানো নিষিদ্ধ ডিএমপি ঢাকায় 2018-01-06