ফরিদপুরে বাসচাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত
Posted by: News Desk
February 7, 2018
এমএনএ জেলা প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গা উপজেলা সদরে একটি যাত্রীবাহী বাসের চাপায় ব্যাটারিচালিত একটি অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন।
আজ বুধবার সকাল ৮টার দিকে ভাঙ্গা উপজেলা সদরের চৌরাস্তা এলাকায় ব্র্যাক অফিসের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে এই ঘটনা ঘটে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন স্থানীয়রা।
তিনি জানান, ব্যাটারিচালিত অটোরিকশাটি মালিগ্রাম থেকে যাত্রী তুলে চৌরাস্তা এলাকা দিয়ে যাওয়ার সময় খুলনা থেকে গাজীপুরগামী ইমা পরিবহনের যাত্রীবাহী ওই বাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের নিচে চাপা পড়ে পাঁচজনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাস নিয়ে চালক দ্রুত চলে যাওয়ায় পুলিশ ধরতে পারেনি। নিহতদের মরদেহ আপাতত ভাঙ্গা হাইওয়ে থানায় রাখা হয়েছে।
নিহত দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন চালক মালিগ্রামের সেকেন শেখের ছেলে আবুল শেখ (৩৫), ভাঙ্গা পৌরসভার চৌধুরীকান্দা গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী খালেদা বেগম (২৫), ভাঙ্গার ঘারুয়া ইউনিয়নের বামনকান্দা গ্রামের সাত্তার শেখের ছেলে মিজানুর শেখ (৪০) এবং অজ্ঞাত নারী (৩৫) ও অজ্ঞাত পুরুষ (৫০)।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এজাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে। তাদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন। নিহতদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে জানান ওসি।
গতকালও (৬ ফেব্রুয়ারি) ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় তিনজন ও ফরিদপুর সদর তিনজন মিলিয়ে মোট ছয়জন নিহত হন। আর আজ বুধবার নিয়ে দু’দিনে ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় ১১ জনের মৃত্যু হলো।
ফরিদপুরে ৫ যাত্রী নিহত বাসচাপায় অটোরিকশার 2018-02-07