Don't Miss
Home / হোম স্লাইডার / মুস্তাফিজের বিদেশি লিগ খেলায় নিষেধাজ্ঞা

মুস্তাফিজের বিদেশি লিগ খেলায় নিষেধাজ্ঞা

এমএনএ স্পোর্টস ডেস্ক : বিদেশি লিগে মোস্তাফিজুর রহমানের খেলার ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছে! আগামী ২ বছর আইপিএল-পিএসএলসহ বাইরের কোনো লিগে খেলতে পারবেন না তিনি!

মোস্তাফিজ গেল দুই বছরে খেলেছেন আইপিএল ও কাউন্টি লিগ টি-টোয়েন্টি ব্লাস্ট ও পিএসএলে। কাউন্টিতে খেলে গেল বছর চোটে পড়ে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন তিনি।

এবার আইপিএলে খেলে আবার চোটে পড়েন কাটার মাস্টার । যার কারণে মিস করেন দেরাদুনে আফগানিস্তানের বিপক্ষে ৩ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ এবং ওয়েস্ট ইন্ডিজে ২ টেস্ট।

এ নিয়ে ব্যাপক সমালোচনার রোষাণলে পড়তে হয় তাকে। বিষয়টি বাজে ঠেকেছে বিসিবির চোখেও। হয়তো সেই কারণেই শেষ পর্যন্ত নিষেধাজ্ঞার কবলে বোলিং বিস্ময়!

গতকাল শুক্রবার কিশোরগঞ্জে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রধান নাজমুল হাসান পাপন বলেন, আমি তাকে বলে দিয়েছি আগামী দুই বছর কোনো বিদেশি লিগ নয়। বোর্ডের কর্মকর্তাদেরও এ বিষয়ে অবহিত করা হয়েছে, যেন এসময়ে ওকে দেশের বাইরে কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে না দেয়া হয়।

বিসিবি সভাপতি বলেন, মোস্তাফিজের কারণেই আমরা অনেক সাফল্য পেয়েছি। এখন সে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে গিয়ে বারবার ইনজুরিতে পড়ছে। ফলে দেশের হয়ে খেলতে পারছে না। ইনজুরিতে পড়ার পর বোর্ড তাকে সুস্থ করে তুলবে, আবার ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে গিয়ে চোটে পড়বে আর দেশের হয়ে খেলতে পারবে না। এটা মেনে নেয়া সম্ভব না।

মোস্তাফিজ এখন ওয়ানডে সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজে। সেখানে ক্যারিবীয়দের বিপক্ষে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজ খেলবেন তিনি। এরপর আছে ২ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ। আশা করা হচ্ছে, টি-টোয়েন্টির স্কোয়াডেও সুযোগ দেয়া হবে তাকে।

বাংলাদেশ জাতীয় দলের হয়ে তার আর্বিভাব জ্বলজ্বলে এক তারা হয়ে। শুকতারার মতো। সন্ধ্যা হলেই যে তারা অন্য সবার থেকে বেশি জ্বলজ্বল করে জ্বলে। বাংলাদেশের দারুণ কিছু জয়ের সাক্ষী এই কাটার মাস্টার মুস্তাফিজ। এরপর ভারতের টি২০ লিগ ‘ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে’(আইপিএল) হায়দরাবাদের হয়ে চোখ ধাঁধাঁনো পারফর্ম ছিল ফিজের। কিন্তু বছর ঘুরতে না ঘুরতে সেই শুকতারার আলো তার ইনজুরি শুষে নিতে শুরু করল।

আর তার শুরুটা আইপিএল এবং পরে ইংলিশ লিগ সাক্সেসে খেলে। ওই যে ইনজুরিতে পড়লেন আর পুরনো মুস্তাফিজ হয়ে ফিরতে পারলেন না। সর্বশেষ আইপিএল থেকে বয়ে আনা ইনজুরির কারণে আফগান সিরিজ এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ মিস করেছেন তিনি। আর তাই ভিন দেশি লিগ থেকে ইনজুরি বয়ে আনা ফিজের বিদেশি লিগ খেলার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

মুস্তাফিজ ২০১৬ সালে তার ক্যারিয়ারের শুরুর দিকে ইংল্যান্ডের লিগ ব্লাস্টে খেলার সময় ইনজুরি পড়েন। এরপর ২০১৭ সালে আবার তিনি গোড়ালির চোটে পড়েন। ওই চোটের কারণে দক্ষিণ আফ্রিকা সফর মিস করেন তিনি। এরপর বিপিএলের শুরুতে খেলতে পারেননি ফিজ।

সর্বশেষ চোটে পড়েন আইপিএলে মুম্বাইয়ের হয়ে নিজেদের শেষ ম্যাচ খেলার সময়। ওই ইনজুরির কারণে মুস্তাফিজের জন্য শেষ সময় পর্যন্ত অপেক্ষা করা হয়েছে। কিন্তু দলের সঙ্গে যেতে পারেননি ফিজ। আফগানিস্তানের বিপক্ষে টি২০ সিরিজে ৩-০ ব্যবধানে হারে বাংলাদেশ। এরপর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজেও ছিলেন না ফিজ। তবে ক্যারিবিওদের বিপক্ষে একদিনের ম্যাচে আছেন মুস্তাফিজ।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...