এজেন্টদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ দিলেন সিইসি
Posted by: News Desk
December 29, 2018
এমএনএ রিপোর্ট : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের এজেন্টদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।
আজ শনিবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ নির্দেশ দেন।
একটি ইংরেজি দৈনিকে প্রকাশিত প্রতিবেদনের কথা উল্লেখ করে সিইসি বলেন, কোথাও কোথাও প্রার্থীর এজেন্টদের হয়রানির কথা এসেছে, যা কোনোভাবেই কাম্য নয়। প্রার্থীর কোনো এজেন্টের বিরুদ্ধে সুনির্দিষ্ট ফৌজদারি অভিযোগ না থাকলে তাকে হয়রানি বা গ্রেপ্তার করা যাবে না।
আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে সিইসি বলেন, ‘নির্বাচনে সকলের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কেউ সহিংসতা বা নাশকতামূলক অবস্থার সৃষ্টি করলে তা কঠোরভাবে দমন করতে হবে। অবৈধভাবে কোনও মহল ভোটকেন্দ্রে অরাজক পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করলে নিয়ন্ত্রণ করতে হবে।’
সহিংসতার পরিবেশ পরিহার করার জন্য এ সময় সবার প্রতি আহ্বান জানান নূরুল হুদা। ভোটারদের কাছে অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘আপনাদের কাছে অনুরোধ করি; আপনার ভোট অতি মূল্যবান। কোনও ভয়ভীতির কাছে নতি স্বীকার করবেন না। স্বাধীনভাবে ভোট দেবেন।’
ফলাফল না পাওয়া পর্যন্ত কোনোভাবেই কেন্দ্র ত্যাগ না করার পরামর্শ দিয়ে সিইসি জানান, কেউ যদি অবৈধভাবে এজেন্টকে কক্ষ ত্যাগ করতে বলে, তখন ম্যাজিস্ট্রেট বা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহযোগিতা নিতে হবে।
নির্বাচনের নিয়ম কানুন তুলে ধরে সিইসি বলেন, ভোট শেষ হলে এজেন্ট, সাংবাদিক, পর্যব্ক্ষেকদের সামনে কেন্দ্রের ব্যালট গণনার কাজ শুরু করবেন প্রিজাইডিং কর্মকর্তা। কোনো অবস্থায় নির্বাচনী কেন্দ্রের বাইরে ব্যালট গণনা করা যাবে না।
সাংবাদিকদের কাজে যেন বিঘ্ন না ঘটে, সেদিকেও খেয়াল রাখতে বলেন নূরুল হুদা।
দলমতের ঊর্ধ্বে উঠে নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের দায়িত্ব পালনের আহ্বান জানান প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা।
তিনি বলেন, আপনাদের কারও কারণে নির্বাচন যেন প্রশ্নবিদ্ধ না হয়, কোন প্রার্থী যেন ক্ষতিগ্রস্ত না হয় এবং তারা যেন ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না হয়।
ভোটারদের উদ্দেশে সিইসি বলেন, কোনো রকম প্রলোভন, প্ররোচনা, প্রভাব বা ভয়ভীতির কাছে নতি স্বীকার করবেন না। স্বাধীনভাবে পছন্দের প্রার্থীকে ভোট দেবেন।
সবার চেষ্টায় সফলভাবে নির্বাচন শেষ করা সম্ভব হতে বলেও আশা প্রকাশ করেন তিনি।
সকলের প্রচেষ্টায় সুন্দর ও সুষ্ঠু ভোট হবে বলে সংবাদ সম্মেলনে আশাবাদ ব্যক্ত করেন প্রধান নির্বাচন কমিশনার।
নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, রফিকুল ইসলাম, কবিতা খানম, বিগ্রেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী ও ইসি সচিব হেলালুদ্দিন আহমদ এ সময় উপস্থিত ছিলেন।
নির্দেশ সিইসি এজেন্টদের পূর্ণ নিরাপত্তা 2018-12-29