মোবাইল ইন্টারনেট থ্রিজি-ফোরজি ফের চালু
Posted by: News Desk
January 1, 2019
এমএনএ সাইটেক ডেস্ক : মোবাইল ভিত্তিক ইন্টারনেট সেবা থ্রি-জি ও ফোর-জি ফের চালু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টার কিছু পর থেকে এই সেবা পাচ্ছেন বলে জানান গ্রাহকরা। মোবাইল অপারেটরদের সূত্রে জানা গেছে, টেলি যোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা বিটিআরসির পক্ষ থেকে এ বিষয়ে নির্দেশনা পেয়ে মোবাইল অপারেটর কোম্পানিগুলো থ্রিজি ও ফোর জি চালু করে দেয়।
বিটিআরসির সিনিয়র সহকারী পরিচালক মো. জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
একাদশ জাতীয় নির্বাচনকে সামনে গুজব ও সহিংসতা ঠেকাতে ৩৭ ঘণ্টা এই সেবা বন্ধ রাখা হয়। নির্বাচনের আগের দিন গত শনিবার রাত ১১টা থেকে বন্ধ করে দেয়া হয় এই ইন্টারনেট সেবা। ৩০ ডিসেম্বর নির্বাচনের দিন সন্ধ্যা সোয়া ৬ টার দিকে চালু করা হয় থ্রিজি ও ফোরজি। গত রবিবার চালু করার কয়েক ঘণ্টার মধ্যেই আবার তা বন্ধ করতে বলে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। এর মধ্যে টুজি ডেটা সেবাও বন্ধ করে দেয়া হয়েছিল। সেই থেকে বন্ধ ছিল মোবাইলে ইন্টারনেট সেবা।
তবে থ্রিজি ফোরজি বন্ধের বিষয়ে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়া হয়নি।
নির্বাচনের দুদিন আগে গত বৃহস্পতিবার রাত থেকেও প্রায় ১০ ঘণ্টা থ্রিজি ও ফোরজি বন্ধ ছিল। তবে শুক্রবার ফের তা চালু করে দেয়া হয়েছিল।
মোবাইলে ইন্টারনেট সেবা বন্ধ থাকলেও ব্রডব্যান্ডে ইন্টারনেটে স্বাভাবিক সেবা পেয়েছেন গ্রাহকেরা।
ভোটের আগে ‘অপপ্রচার’ ঠেকাতে ১৩ ডিসেম্বর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠকে নির্বাচন কমিশনকে (ইসি) ইন্টারনেটের গতি কমানোর প্রস্তাব দেয় পুলিশের গোয়েন্দা বিভাগ।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কেউ যাতে ভোটের আগে ‘অপপ্রচার’ করতে না পারে সে জন্য গত ১৩ ডিসেম্বর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠকে নির্বাচন কমিশনের পরামর্শে এসব সেবা বন্ধ করার নির্দেশনা দিয়েছিল বিটিআরসি। মোবাইল ফোনের ইন্টারনেটের গতি কমানো হলেও ব্রডব্যন্ডের বিষয়ে কোনো নির্দেশনা ছিল না। তবে আন্তর্জাতিক ইন্টারনেট গেটওয়েগুলোকে জরুরি পরিস্থিতির জন্য তৈরি থাকতে বলা হয়েছিল।
দেশে বর্তমানে আট কোটি ৬০ লাখের বেশি মোবাইল ইন্টারনেট সংযোগ আছে। এর মধ্যে থ্রিজি আছে ছয় কোটি সংযোগে।
ইন্টারনেট মোবাইল ফোরজি চালু ফের থ্রিজি 2019-01-01