গোবিন্দগঞ্জে বাস উল্টে নিহত ৫, আহত ১৫
Posted by: News Desk
April 6, 2019
এমএনএ জেলা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে যাত্রীবাহী বাস উল্টে পাঁচজন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন। আজ শনিবার ভোর ৩টার দিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার জুম্মার ঘর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় জনতা সহায়তায় হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করেছেন।
হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আখতারুজ্জামান জানান, ঢাকা থেকে বুড়িমারীগামী বরকত এন্টারপ্রাইজের একটি নৈশ্যকোচ গোবিন্দগঞ্জ উপজেলার বালুয়া জুম্মার ঘর নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত ও ১৫ জন গুরুতর আহত হয়। নিহতদের মধ্যে পাঁচজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- রংপুরের মিঠাপুকুর উপজেলার ত্তর তাজপুর গ্রামের মান্নান মিয়ার ছেলে রিয়াজ উদ্দীন (২০), লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বোতারছাতা গ্রামের মহসীন আলীর ছেলে মাহবুল ইসলাম (২২), টাঙ্গাইল সদরের বেতকা গ্রামের ভুবন সরকারের ছেলে সুনীল কুমার সরকার (৫০) ও টাঙ্গাইলের কালীহাতি উপজেলার বল্লা গ্রামের মৃত ভোলা নাথ সাহার ছেলে বিকাশ চন্দ্র সাহা (৪৮) ও বাসের হেলপার লালমনিরহাটের হাতীবান্ধা উপজলার দোয়ানী গ্রামের সোবহান আলীর ছেলে বিদ্যুৎ মিয়া (৩২)।
ঢাকা থেকে লালমনিরহাটের বুড়িমারীগামী বরকত এন্টারপ্রাইজের বাসটির চালক বেপরোয়াভাবে চালাচ্ছিলেন বলে যাত্রীরা পুলিশকে জানিয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রামকৃষ্ণ বর্মন আহতদের চিকিৎসার খোঁজ-খবর নেন।
তিনি জানান, দুঘর্টনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। নিহতদের পরিবারকে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেয়া হয়েছে।
নিহত ৫ গোবিন্দগঞ্জে আহত ১৫ বাস উল্টে 2019-04-06