জাবির ভর্তি পরীক্ষা শুরু আগামী ২২ সেপ্টেম্বর
Posted by: News Desk
September 12, 2019
এমএনএ ক্যাম্পাস রিপোর্ট : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষার ইউনিট-ভিত্তিক চূড়ান্ত সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ২২ সেপ্টেম্বর গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদের ‘এ’ ইউনিট পরীক্ষার মধ্য দিয়ে এবারের ভর্তি পরীক্ষা শুরু হবে।
আজ বৃহস্পতিবার ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) আবু হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
ডেপুটি রেজিস্ট্রার আবু হাসান জানান, আগামী ২২ সেপ্টেম্বর ‘এ’ ইউনিটের ছয়টি শিফটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরের দিন ২৩ সেপ্টেম্বর ‘এ’ ইউনিটের বাকি অংশ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (এইচ ইউনিট), ২৪ সেপ্টেম্বর জীববিজ্ঞান অনুষদ (ডি ইউনিট), ২৫ সেপ্টেম্বর ‘ডি’ ইউনিটের বাকি অংশ এবং ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (জি ইউনিটের) পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এ ছাড়া ২৬ সেপ্টেম্বর আইন অনুষদ (এফ ইউনিট) ও বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট (আই ইউনিট), ২৯ সেপ্টেম্বর কলা ও মানবিকী অনুষদ (সি ইউনিট), ৩০ সেপ্টেম্বর ‘সি’ ইউনিটের বাকি অংশ, নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগ (সি১ ইউনিট) ও বিজনেস স্টাডিজ অনুষদ (ই ইউনিট) এবং সর্বশেষ ১ অক্টোবর সমাজবিজ্ঞান অনুষদের (বি ইউনিট) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতি বছরের মতো এবারও ছয়টি শিফটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এ বছর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা ১৮৮৯টি। এই আসনের বিপরীতে আবেদন করেছেন ৩ লাখ ৫৯ হাজার ৯৬২ শিক্ষার্থী। আগামী ১৮ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। ভর্তি পরীক্ষার আসন বিন্যাস ও ফল আবেদনকারীর ফোন নম্বরে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। ভর্তি পরীক্ষা-সংক্রান্ত যাবতীয় তথ্য পাওয়া যাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ( https://ju-admission.org).
আগামী জাবির ২২ সেপ্টেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরীক্ষা শুরু ভর্তি 2019-09-12