ঢাবির সিনেট থেকে শোভনের পদত্যাগ
Posted by: News Desk
September 16, 2019
এমএনএ রিপোর্ট : ছাত্রলীগের সভাপতি পদ থেকে অব্যাহতি পাওয়ার পর এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিনেট সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন রেজওয়ানুল হক চৌধুরী শোভন। আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সিনেট সভাপতি অধ্যাপক ড. আখতারুজ্জামানের বরাবরে এই পদত্যাগপত্র পেশ করেন তিনি।
তার পক্ষে অব্যাহতিপত্র জমা দেন কেন্দ্রীয় ছাত্রলীগের দপ্তর সম্পাদক আহসান হাবিব, ডাকসুর সদস্য রফিকুল ইসলাম এবং ছাত্রলীগ নেতা ফেরদৌস আল মাহমুদ পলাশ।
পদত্যাগপত্রে শোভন লিখেছেন, বর্তমানে আমার ব্যক্তিগত সমস্যার কারণে আমার উপর অর্পিত দায়িত্ব পালন করা সম্ভব নয়। এমতাবস্থায় আমি উক্ত পদ থেকে পদত্যাগ করতে আগ্রহী।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান বলেন, শোভনের অব্যাহতিপত্র পেয়েছি। সংশ্লিষ্ট সভায় বিধিমোতাবেক সিদ্ধান্ত নেওয়া হবে।

ঢাবির বার্ষিক সিনেট অধিবেশন অনুষ্ঠিত হয় গত ২৬ জুন। এতে পাঁচজন ছাত্র প্রতিনিধির মধ্যে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও ঢাবি শাখা ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস সিনেট সদস্য হিসেবে মনোনীত হন। বাকি তিনজন হলেন-ডাকসুর ভিপি নুরুল হক নুর, জিএস গোলাম রাব্বানী এবং সদস্য তিলোত্তমা শিকদার।
উল্লেখ্য, বিতর্কিত কর্মকাণ্ডের জন্য গত শনিবার ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন এবং সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকে তাদের পদ থেকে অব্যাহতি দেয়া হয়।
সবশেষ ডাকসু নির্বাচনে শোভন ভিপি প্রার্থী হলেও কৃতকার্য হতে পারেননি। পরবর্তীতে ডাকসু থেকে যে পাঁচজনকে সিনেটে মনোনয়ন দেয়া হয় তার মধ্যে শোভনও ছিলেন। ছাত্রলীগের শীর্ষ নেতৃত্বের পদ হারানোর পর সেই সিনেট সদস্য থেকে পদত্যাগ করলেন তিনি।
পদত্যাগ থেকে ঢাবির সিনেট শোভনের 2019-09-16