শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে
Posted by: News Desk
November 17, 2019
এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : শ্রীলঙ্কায় অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হয়েছেন দেশটির সাবেক প্রতিরক্ষামন্ত্রী গোতাবায়া রাজাপাকসে। ইতোমধ্যেই তার প্রধান প্রতিপক্ষ সুজিত প্রেমাদাসা পরাজয় স্বীকার করে নিয়েছেন বলে জানা গেছে।
আজ রবিবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর জানায়।
নির্বাচন কমিশন জানায়, ৮০ শতাংশ ভোটারের অংশগ্রহণে অনুষ্ঠিত এ নির্বাচনে ইতোমধ্যে অর্ধেক ভোট গণনা করা হয়েছে। এতে রাজাপাকসে ৫০ দশমিক সাত শতাংশ ভোট পেয়েছেন। আর সুজিত প্রেমাদাসা পেয়েছেন ৪৩ দশমিক আট শতাংশ ভোট।
রাজাপাকসের এক মুখপাত্র জানান, তারা আশা করছেন ৫৩ থেকে ৫৪ শতাংশ ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচনে রাজাোকসে জয় লাভ করবেন।
এক টুইটবার্তায় গোতাবায়া রাজাপাকসে শ্রীলঙ্কার সব নাগরিককে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, সব শ্রীলঙ্কান এ যাত্রার অংশীদার।
আজ রবিবার স্থানীয় সময় বিকেল ৪টায় নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হতে পারে বলে নির্বাচন কমিশন জানিয়েছে।
এদিকে, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে রাজাপাকসেকে জয়ের জন্য অভিনন্দন জানিয়ে টুইট করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আজ রবিবার এ টু্ইট বার্তায় তিনি বলেন, আমাদের দু’দেশ ও নাগরিকদের মধ্যে ঘনিষ্ঠ ও ভ্রাতৃত্বের সম্পর্ক তৈরির পাশাপাশি এ অঞ্চলের শান্তি, সমৃদ্ধি ও নিরাপত্তার জন্য আপনার সঙ্গে কাজ করার প্রত্যাশা করছি।
শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসের ছোট ভাই গোতাবায়া রাজাপাকসে ভাইয়ের অধীনে দীর্ঘ দশ বছর প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৯ সালে তামিল টাইগারদের বিরুদ্ধে ৩৭ বছরের গৃহযুদ্ধ বন্ধে নেতৃত্ব দেন তিনি।
২০১৫ সালে মাহিন্দা রাজাপাকসের ক্ষমতাচ্যুত হওয়ার পর তার দল শ্রীলঙ্কা ন্যাশনাল ফ্রন্টের নেতৃত্বে আসেন গোতাবায়া রাজাপাকসে।
ক্ষমতাসীন দল ইউনাইটেড ন্যাশনাল পার্টির (ইউএনপি) প্রার্থী সুজিত প্রেমাদাসা দেশটির সাবেক প্রেসিডেন্ট রানাসিংহে প্রেমাদাসার ছেলে।
এর আগে গত শনিবার (১৬ নভেম্বর) ৮ম বারের মতো শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ৩৫জন প্রার্থী অংশগ্রহণ করেছিলেন।
শ্রীলঙ্কার গোতাবায়া রাজাপাকসে প্রেসিডেন্ট নতুন 2019-11-17