Don't Miss
Home / জাতীয় / আওয়ামী লীগ সবসময় ইসলামের খেদমতে কাজ করে: প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আওয়ামী লীগ সবসময় ইসলামের খেদমতে কাজ করে: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

এমএনএ জাতীয় ডেস্কঃ আওয়ামী লীগ সবসময় ইসলামের খেদমতে কাজ করে বলে জানিয়েছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘একটা সময় বিএনপি ক্ষমতায় এসে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের মিনার এবং সেনানিবাসে মসজিদ নির্মাণকাজ বন্ধ করে দেয়। কিন্তু সব সময়ই ইসলামের খেদমতে কাজ করে আওয়ামী লীগ।’

রোববার (১৩ আগস্ট) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা-২০২৩ এর বিজয়ী হাফেজদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ‘১৫ আগস্টের ঘটনা যেন কারবালার মত ঘটনার পুনরাবৃত্তি। স্বজনহারা বেদনা নিয়ে বেঁচে থাকতে হয়। বার বার মৃত্যুর মুখে পড়েছি; কিন্তু আমি ভয় পাইনি। আসলে আল্লাহ মানুষকে কিছু কাজ দিয়ে পাঠান। হয়তো আমার কাজগুলো এখনো শেষ হয়নি। এই বিশ্বাস নিয়েই আমার পথচলা। দোয়া করবেন যাতে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারি।’

প্রধানমন্ত্রী বলেন, ‘ইসলাম ধর্মের নাম ব্যবহার করে কেউ কেউ জঙ্গিবাদ-সন্ত্রাস সৃষ্টি করতে চায়, যা কখনোই গ্রহণযোগ্য নয়। সন্ত্রাসীদের কোনো ধর্ম নেই। সন্ত্রাসবাদই তাদের ধর্ম। ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে তরুণদের বিপথে নিয়ে যাওয়া হচ্ছে, তরুণরা যেন বিপথে না যায়, সেদিকে দৃষ্টি রাখতে হবে মাওলানা, আলেম ওলামাদের। মুসলিম উম্মাহর কোনো সংকটে যেন তৃতীয় শক্তি ঢুকতে না পারে সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

ইসলামের প্রচার প্রসারে ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এমন কথা জানিয়ে কান্না জড়িত কণ্ঠে শেখ হাসিনা বলেন, ‘১৫ আগস্টের ঘটনা যেন কারবালার মত ঘটনার পুনরাবৃত্তি।’

তিনি বলেন, ‘বাংলাদেশ এখন ওআইসির শক্তিশালী সদস্য; আমিই এখন একমাত্র নারী সরকার প্রধান, পুরো সংস্থাটিতে। সে জন্য সদস্যদেশগুলোর যেন একমাত্র বোন হয়ে গেছি আমি। প্রত্যেকটা সদস্য দেশের নেতারা আমাকে খুব স্নেহ করেন।’

প্রধানমন্ত্রী দেশে ইসলাম প্রচারের নানা দিক তুলে ধরে বলেন, ‘কোরআন শরিফকে বিভিন্ন ভাষায় অধ্যয়নের ব্যবস্থাও নেয়া হচ্ছে। এমনকি ডিজিটালেও কোরআন শিক্ষার জন্য অ্যাপস চালু করা হয়েছে৷ দীর্ঘদিনের অবহেলিত কওমি মাদ্রাসার সনদকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিয়েছে বর্তমান সরকার। এখন আর দেশের মানুষের হজ করতে কষ্ট হয় না। ভোগান্তির জায়গাগুলো চিহ্নিত করে ব্যবস্থা নেয়া হয়েছে। হাজিদের সুবিধার্থে ভবিষ্যতে মক্কায় স্থায়ী অফিস নেয়ার বিষয়ে আলোচনা চলছে সৌদি সরকারের সঙ্গে।’

পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলামের প্রচারে সরকারের তরফ থেকে সব ব্যবস্থা নেয়া হচ্ছে। ইসলামের মর্মকথা মানুষের কাছে ছড়িয়ে দিতেই দেশব্যাপী মডেল মসজিদ নির্মাণ করা হচ্ছে। ইমাম-মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট গঠন করে সংশ্লিষ্টদের জন্য সাহায্য সহযোগিতা করার ব্যবস্থা নেয়া হয়েছে-এ কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী সমাজের বিত্তশালীদের প্রতি দ্বীন ও ইসলামের খেদমতে এগিয়ে আসার আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, সরকারের সময়োচিত পদক্ষেপের ফলে দেশে ইসলামের প্রচার প্রসার বাড়ছে। এখানকার হাফেজরা আন্তর্জাতিক সম্মান বয়ে আনছেন দেশের জন্য। বাংলাদেশেও আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার আয়োজন করতে সংশ্লিষ্টরা উদ্যোগ নেয়ার কথা বলেন তিনি।

ইমামদের উদ্দেশ্যে করে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘দেশে যার যার ধর্ম সে সে পালন করবেন, যার যার কর্মফল সে সে ভোগ করবে। ধর্মের নামে খোদার ওপর খোদকারি করবেন না। ইসলামের মর্মবাণী মানুষের মাঝে ছড়িয়ে দেন। সন্ত্রাস করে ইসলাম সম্পর্কে যেন কেউ বদনাম করতে না পারে, সেদিকে সবাই খেয়াল রাখবেন।’

হিফজুল কোরআন প্রতিযোগিতায় ৫ হাফেজকে পুরস্কৃত করা হয়।

x

Check Also

দীর্ঘ ২৫ বছরেও শেষ হয়নি রমনা বটমূলের বর্ষবরণ অনুষ্ঠানে হামলা মামলার বিচার

বিশেষ প্রতিবেদন বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনে যখন সারাদেশে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে, তখনও অনেকের মনে ফিরে ...