এমএনএ রাজনীতি ডেস্কঃ কুমিল্লায় সংঘটিত কোরআন অবমাননার গুজবের ঘটনাকে উদ্দেশ্যমুলক ও দেশে ইসলামের নামে সন্ত্রাস বলে অভিহিত করেছে বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টি। আজ (বৃহস্পতিবার) ১৪ অক্টোবর, ২০২১ জাতীয় প্রেস ক্লাবের জহুরুল হক অডিটোরিয়ামে বিকাল ৫টায় ‘ইসলামের নামে সন্ত্রাসী হামলা ও জ্বালাও-পোড়াও এর প্রতিবাদ’ শীর্ষক এক আলোচনা সভায় বক্তারা এই কথা বলেন।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার লক্ষ্যে উদ্দেশ্য প্রণোদিতভাবে কুমিল্লায় কোরআন অবমাননার ঘটনা ঘটানো হয়েছে। বক্তারা আরও বলেন, যুগে যুগে এদেশে বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বিরাজ করে এসেছে, তা বিভিন্ন কুচক্রী মহল নানাসময়ে ধ্বংস করার চেষ্টা করেছে। বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের অভূতপূর্ব উন্নয়নে ঈর্ষান্বিত হয়ে একটি মহল দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত আর তারাই ইসলামকে ব্যবহার করে সন্ত্রাসী হামলা ও জ্বালাও-পোড়াও এর মতো জঘন্য কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে।
বক্তারা আরও উল্লেখ করেন যে, মহান মুক্তিযুদ্ধে হিন্দু-মুসলিমসহ সকল ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছিল আর তার ফলেই মহান স্বাধীনতা অর্জিত হয়। তারা বলেন, সকল ধর্মের মানুষের সাথে সম্প্রীতি বজায় রেখে একে অন্যের বিপদে এগিয়ে আসাই শান্তির ধর্ম ইসলাম ও রাসুল (সঃ)-এর শিক্ষা।
সভা থেকে আলোচকরা ওই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে দ্রুত ষড়যন্ত্রকারীদের গ্রেফতার ও বিচারের আওতায় আনার দাবি জানান। ভবিষ্যতে যেন এধরনের অপপ্রয়াস আর কেউ না করতে পারে সে ব্যাপারেও সবাইকে সতর্ক থাকার আহবান জানান তারা।
আলোচনা সভাটিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টির চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ ইসমাইল হোসাইন। আলোচনা করেন পার্টির মহাসচিব শায়খুল হাদীস মাওলানা শাহাদাত হোসাইন, যুগ্ন-মহাসচিব কাজি মাওলানা শাহ্ মোহাম্মাদ ওমর ফারুক, পার্টির প্রেসিডিয়াম সদস্য মাওলানা শেখ শোয়াইব, পার্টির উপদেষ্টামণ্ডলীর সদস্য মাওলানা ওবায়দুল্লাহ ফারুকী ও হাফেজ মাওলানা আব্দুস সাত্তার সহ আরও অনেকে।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

