কমলাপুরে ট্রেনের পরিত্যক্ত বগিতে মাদ্রাসাছাত্রীর মৃতদেহ
Posted by: News Desk
August 19, 2019
এমএনএ রিপোর্ট : ঢাকার কমলাপুর রেলওয়েস্টেশনে ট্রেনের একটি পরিত্যক্ত বগির বাথরুম থেকে এক মাদ্রাসাছাত্রীর লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।
আজ সোমবার সকাল সাড়ে ১০টায় তার লাশ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য লাশ বিকালে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
নিহত আসমা আকতার (১৭) পঞ্চগড় সদর উপজেলার কোনাপাড়া গ্রামের মো. আব্দুর রাজ্জাকের মেয়ে। সে স্থানীয় খানবাহাদুর মাদ্রাসা থেকে এসএসসি সমমান পরীক্ষায় জিপিএ-৪ পেয়ে পাস করেছে। ৩ বোন ও এক ভাইয়ের মধ্যে সে ছিল তৃতীয়। এ সব তথ্য নিশ্চিত করেছেন নিহতের চাচা রাজু আহামেদ।
ঢাকা রেলওয়ে (কমলাপুর) থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আলী আকবর বলেন, কমলাপুর থেকে তার লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তিনি জানান, তার বুকের ডান পাশে স্তনে কামরের দাগ, গলার চারদিকে কালো গোলাকৃতির দাগ ও কপালে ফোলা আঘাতের চিহ্ন রয়েছে।
পুলিশের ধারণা তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
তিনি আরও বলেন, কিভাবে তার মৃত্যু হয়েছে, বা মৃত্যুর আগে ধর্ষণ করা হয়েছে কিনা তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
নিহতের চাচা রাজু আহামেদ বলেন, আসমা গতকাল রবিবার সকাল থেকে নিখোঁজ ছিল। আজ সোমবার সংবাদ পেয়ে তাকে শনাক্ত করা হয়। তিনি বলেন, বাঁধন নামে স্থানীয় এক যুবক তাকে ফুসলিয়ে নিয়ে গেছে বলে জানতে পেরেছি। বাঁধনও একটি মাদ্রাসার শিক্ষার্থী। আসমা নিখোঁজের পর থেকে ওই ছেলেকে এলাকায় পাওয়া যায়নি। নিহতের পরিবার থেকে ধারণা করা হচ্ছে, বাঁধনই তাকে ফুসলিয়ে নিয়ে হত্যা করেছে।
“গতকাল (রবিবার) আসমা বাসা থেকে বের হওয়ার পর বাধনের সঙ্গে যোগাযোগ করি। কিন্তু সে (বাধন) কই আছে, কিছুই ঠিকমতো বলছিল না। পরে সে তার মোবাইল বন্ধ করে দেয়।”
রাজ্জাকের অভিযোগ, বাধনই তার মেয়েকে কৌশলে বাড়ি থেকে বের করে হত্যার ঘটনা ঘটিয়েছে।
রাজ্জাক জানান, তার শ্যালকের পরিবার গাজীপুরে পোশাক তৈরি কারখানায় চাকরি করেন। পরীক্ষার পর মামা বাবলু আসমাকে চাকরি দেওয়ার কথা বলে গাজীপুরে নিয়ে গিয়েছিল। সেখানে আসমা ১০ দিন ছিলও। কিন্তু চাকরি হতে দেরি হওয়ায় পঞ্চগড়ে ফিরে যান আসমা।
চাকরির জন্য প্রয়োজনীয় কাগজপত্র তখনই আসমাকে দেওয়া হয়েছিল জানিয়ে রাজ্জাক জানান, সেটাই তার ব্যাগে ছিল। আর তা দেখেই পুলিশ ঠিকানা ও মোবাইল ফোন নম্বর পায়।
কমলাপুর ট্রেনের পরিত্যক্ত বগিতে মাদ্রাসাছাত্রীর মৃতদেহ 2019-08-19