Don't Miss
Home / আজকের সংবাদ / কাবুলে সামরিক বিশ্ববিদ্যালয়ে হামলায় ১১ সৈন্য নিহত

কাবুলে সামরিক বিশ্ববিদ্যালয়ে হামলায় ১১ সৈন্য নিহত

এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলে অদূরে মার্শাল ফাহিম জাতীয় প্রতিরক্ষা বিশ্ববিদ্যালয়ে জঙ্গিদের অতর্কিত হামলায় ১১ সৈন্য নিহত হয়েছেন এবং ১৫ জন সৈন্য আহত হয়েছে। এছাড়া হামলাকারী ৪ জঙ্গিও নিহত হয়েছে।
অপর এক সশস্ত্র জঙ্গিকে সৈন্যরা হাতেনাতে আটক করেছে। জঙ্গি গোষ্ঠি ইসলামিক স্টেট (আইএস) তাদের নিজস্ব নিউজ এজেন্সি ‘আমাক’-এর মাধ্যমে এই হামলার দায় স্বীকার করেছে।
আজ সোমবার (২৯ জানুয়ারি) স্থানীয় সময় ভোর ৫টার দিকে রাজধানী কাবুলের পাশের কারগা এলাকায় আফগানিস্তানের অন্যতম প্রধান সামরিক বিশ্ববিদ্যালয়ে এই হামলা চালানো হয়। হামলা শুরুর পরপরই ঘটনাস্থল দফায় দফায় গ্রেনেডের বিকট বিস্ফোরণ ও মুহুর্মুহু গুলির শব্দে কেঁপে ওঠে। হামলাকারী জঙ্গিদের মধ্যে ৪ জন নিহত হয়েছে। অপর এক জঙ্গিকে অস্ত্রসহ হাতেনাতে আটক করেছে সৈন্যরা। নিহত ৪ জঙ্গির মধ্যে দুজন মারা গেছে আত্মঘাতী হামলার সময়। বাকি দুজনের মৃত্যু হয়েছে সৈন্যদের গুলিতে।
কাবুলের কেন্দ্রস্থলে ভয়াবহ অ্যাম্বুলেন্স বোমা হামলা চালিয়ে শতাধিক লোককে হত্যার দুই দিন পর এ হামলাটি চালানো হয়। সপ্তাহ খানেক আগে শহরটির ইন্টারকন্টিনেন্টাল হোটেলে জঙ্গিদের চালানো আরেক হামলায় আরো ২২ জন নিহত হয়েছিল।
আগের দুটি হামলারই দায় স্বীকার করেছিল তালেবান।
আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জেনারেল দৌলত ওয়াজিরি বিভিন্ন সংবাদমাধ্যমকে জানান, মোট ৫ জন জঙ্গি আজ সোমবার ভোরবেলা এই অতর্কিত হামলাটি চালায়। আত্মঘাতী হামলা এবং সৈন্যদের গুলিতে ৪ জঙ্গি মারা গেছে। একজনকে অস্ত্রসহ পাকড়াও করা হয়েছে। নিহত জঙ্গিদের মধ্যে একজন বহুক্ষণ একাই লড়াই চালিয়ে যায়। হতাহত সৈন্যদের সবাই প্রধান ফটকের কাছে প্রহরায় নিয়োজিত ছিল।
দৌলত ওয়াজিরি আরও জানান, সামরিক বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে পাহারায় নিয়োজিত সেনা ইউনিটের ওপর প্রথমে একজন জঙ্গি হ্যান্ড গ্রেনেডের সাহায্যে আত্মঘাতী হামলা চালায়। এরপর অন্য জঙ্গিরা তাতে যোগ দেয়। হামলায় কমপক্ষে দুজন সৈন্যের মৃত্যু হয়। অতর্কিত হামলার মুখে সৈন্যরা প্রবল প্রতিরোধ গড়ে তুললে দুপক্ষের মধ্যে শুরু হয় তুমুল বন্দুকযুদ্ধ।
হামলাকারী জঙ্গিদের সবাই রকেটচালিত গ্রেনেড লঞ্চারসহ বিভিন্ন অত্যাধুনিক অস্ত্রসজ্জিত ছিল। জঙ্গিদের কেউই প্রধান ফটক পার হয়ে বেশি দূর অগ্রসর হতে পারেনি।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, ভোর থেকে দফায় দফায় বিস্ফোরণ ও গুলির শব্দে ঘটনাস্থলে ছুটে যায় নিরাপত্তা বাহিনী। তারা ওই এলাকার সব সড়কে যান ও জন চলাচল বন্ধ করে দিয়েছে।
হামলাস্থল থেকে চারটি একে-৪৭ অ্যাসল্ট রাইফেল, একটি সুইসাইড ভেস্ট এবং একটি রকেট লঞ্চার উদ্ধার করা হয়েছে।
মার্শাল ফাহিম জাতীয় প্রতিরক্ষা বিশ্ববিদ্যালয়ে অনুরূপ জঙ্গি হামলার ঘটনা এর আগেও ঘটেছে। ২০১৭ সালের অক্টোবরে এই বিশ্ববিদ্যালয়ের ঠিক বাইরে তালেবান জঙ্গিরা সামরিক ক্যাডেটবাহী একটি মিনিবাসে হামলা চালিয়ে ১৫ ক্যাডেটকে হত্যা করে।
এর আগে গত বুধবার জালালাবাদে সেভ দ্য চিলড্রেনের দপ্তরে চালানো হামলার দায় স্বীকার করেছিল আইএস। ওই হামলায় ছয়জন নিহত হয়েছিল।
এইসব হামলার কারণে চাপে পড়তে পারেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি ও তার যুক্তরাষ্ট্রের মিত্ররা।
নতুন একটি আক্রমণাত্মক সামরিক কৌশলের কারণে তালেবান বিদ্রোহীরা অধিকাংশ প্রদেশের রাজধানী থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে বলে আত্মবিশ্বাসের সঙ্গে দাবি করে আসছিল এই পক্ষদুটি।
আফগান নিরাপত্তা বাহিনীকে দেওয়া সহযোগিতা বাড়িয়ে তালেবান ও অন্যান্য জঙ্গি গোষ্ঠীর ওপর বিমান হামলা জোরদার করেছিল যুক্তরাষ্ট্র। আফগানিস্তানের বিদ্রোহীদের বিরুদ্ধে চলমান লড়াইয়ে অচলাবস্থার অবসান ও বিদ্রোহীদের আলোচনার টেবিলে বসতে বাধ্য করতে এ কৌশল নিয়েছিল যুক্তরাষ্ট্র।
আফগান সরকার ও যুক্তরাষ্ট্রের এই নতুন কৌশলে তারা দুর্বল হয়ে পড়েছে এমন দাবি অস্বীকার করেছিল তালেবান; আর গত নয় দিনের হামলা দেখিয়ে দিল প্রাণঘাতী, হাই-প্রোফাইল হামলা চালাতে এখনও সক্ষম দেশটির জঙ্গিগোষ্ঠীগুলো। এমনকি অত্যন্ত সুরক্ষিত কাবুলের কেন্দ্রস্থলেও হামলা চালাতে পারে তারা।
এই নিয়ে গত নয়দিনে কাবুলে চতুর্থবারের মতো বড় ধরনের হামলা চালালো জঙ্গিরা, এতে আফগানিস্তানের সমস্যা নিয়ে যুক্তরাষ্ট্রের গৃহীত আরো আক্রমণাত্মক একটি কৌশল আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
x

Check Also

টানা ৫ ঘণ্টার বেশি গাড়ি চালানো যাবে না, সতর্ক করল বিআরটিএ

এমএনএ প্রতিবেদক একটানা দীর্ঘ সময় গণপরিবহণ চালানোর ফলে চালকদের ক্লান্তি, ঝিমুনি ও ঘুমের প্রবণতা বাড়ছে, ...