গাজীপুরে ব্যবসায়ী মিলন হত্যায় ৭ জনের মৃত্যুদণ্ড
Posted by: News Desk
September 10, 2018
এমএনএ জেলা প্রতিনিধি : গাজীপুরে ব্যবসায়ী মিলন ভূঁইয়া (২৪) হত্যা মামলায় সাতজনকে মৃত্যুদণ্ড এবং একজনকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
আজ সোমবার সকাল ১১টার দিকে গাজীপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ কে এম এনামুল হক এ রায় দেন।
এছাড়া একজনকে পাঁচ বছরের কারাদণ্ড এবং দু’জনকে অব্যাহতি দেওয়া হয়েছে।
সর্বোচ্চ সাজার আদেশ পাওয়া সাত আসামি হলেন- গাজীপুরের জয়দেবপুর থানার গজারিয়াপাড়া এলাকার রাজীব ওরফে রাজু ও মো. কাইয়ুম; কাপাসিয়া থানার ধরপাড়া এলাকার মো.ফারুক হোসেন; নলগাঁও বুরুজপাড়া এলাকার মো.সফিকুল ইসলাম ওরফে পারভেজ; কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানার বুরুদিয়া এলাকার মো. রাজীব হোসেন; জামালপুরের ইসলামপুর থানার পূর্ব বালিয়াদহ গ্রামের মো. আলী হোসেন ওরফে হোসেন আলী এবং কুড়িগ্রামের নাগেশ্বরীর সুকানদীঘি এলাকার মোহাম্মদ আলী ওরফে ছোট আলী। তাদের মধ্যে কয়েকজন পলাতক রয়েছেন।
রায় ঘোষণার সময় রাজীব হোসেন, কাইয়ুম, সফিকুল ও মোহাম্মদ আলী আদালতে উপস্থিত ছিলেন। বাকিরা পলাতক।
মৃত্যুদণ্ডের পাশাপাশি তাদের প্রত্যেককে দশ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন বিচারক। এছাড়া আরেকটি ধারায় তাদের দশ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
এ মামলার অভিযোগপত্রভুক্ত আসামিদের মধ্যে কিশোরগঞ্জের হোসেনপুর থানার শাহেদল গ্রামের মাসুদ ওরফে মামা মাসুদকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন বিচারক।
কারাদণ্ডের পাশাপাশি তাকে দশ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের সাজা দেওয়া হয়েছে।
অপরাধে সংশ্লিষ্টতা প্রমাণিত না হওয়ায় অপর দুই আসামি ময়মনসিংহের ত্রিশালের বকশিপাড়া এলাকার এনামুল হক এবং কিশোরগঞ্জের কটিয়াদির থানার আছমিতা এলাকার সামসুল হককে আদালত খালাস দিয়েছে।
মামলা সূত্রে জানা যায়, ২০১১ সালের ২৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যানের গেটের ২০০ গজের উত্তর-পশ্চিমে রাজেন্দ্রপুর এলাকায় মিলন ভূঁইয়াকে কুপিয়ে হত্যা করে আসামিরা। মিলন সেন্টারিংয়ের মালামাল ভাড়া দেয়ার ব্যবসা করতেন।
এ ঘটনার পর দিন নিহতের মামা আক্তার হোসেন বাদী হয়ে ৯ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আজ এ মামলার রায় দেয়া হল।
৭ জনের মিলন মৃত্যুদণ্ড গাজীপুরে হত্যায় ব্যবসায়ী 2018-09-10