গুগলকে দেড় বিলিয়ন ডলার জরিমানা!
Posted by: News Desk
March 20, 2019
এমএনএ সাইটেক ডেস্ক : বিজ্ঞাপন আইনের অপব্যবহার করার দায়ে বিশ্বের সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন গুগলকে প্রায় দেড় বিলিয়ন ডলার অর্থাৎ এক দশমিক ৪৯ বিলিয়ন ইউরো (এক দশমিক ৬৮ বিলিয়ন ডলার) জরিমানা করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নিয়ন্ত্রকরা।
আজ বুধবার (২০ মার্চ) ব্রাসেলসে একটি সংবাদ সম্মেলন করে ইইউ’র কম্পিটিশন কমিশনার মার্গ্রেট বেস্টাগার জানিয়েছেন, গুগলের বিরুদ্ধে অ্যাডসেন্স বিজ্ঞাপন ব্যবসা মামলার দীর্ঘ তদন্তের পর সত্যতা পেয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের এই ‘ওয়েব জায়ান্ট’র বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানের সার্চ আর বিজ্ঞাপন বন্ধ করে নিজেদের কেনাকেটার সেবায় বাড়তি সুবিধা নেওয়ার কারণে আজ বুধবার এই জরিমানা করেছে ইউরোপীয় ইউনিয়নের অ্যান্টিট্রাস্ট নীতিনির্ধারকরা।
অনলাইন বিজ্ঞাপনের প্রধান আইনের অপব্যবহারের জন্য গুগলকে বড় ধরনের এ আঘাত করেছে ইউরোপীয় ইউনিয়ন।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম বলছে, এ নিয়ে তৃতীয়বারের মতো প্রায় একই অভিযোগে গুগলকে জরিমানা করা হয়েছে।
গত বছর অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে তদন্তের পর গুগলকে চার দশমিক ৩৪ বিলিয়ন ইউরো (পাঁচ বিলিয়ন ডলার) জরিমানা দিয়ে আঘাত করেছিলেন বেস্টাগার। এছাড়া এর আগের বছর ২০১৭ সালে প্রতিষ্ঠানটির অনলাইন শপিং সার্চ রেজাল্ট তদন্ত করে অভিযোগের সত্যতা পেয়ে দুই দশমিক ৪২ বিলিয়ন ইউরো (২৭০ কোটি ডলার ) জরিমানা করে ইইউ।
ইইউ বিভিন্ন সময় অভিযোগ করে আসছে, গুগল ইন্টারনেট জগতে নিজেদের আধিপত্যের সুযোগ নিয়ে অনৈতিকভাবে তাদের নিজস্ব সেবাকে বাড়তি সুবিধা দিয়ে প্রতিদ্বন্দ্বীদের ক্ষতি করছে।
বিজ্ঞাপন থেকে গুগলের আয় দিন দিনই বাড়ছে। ২০১৭ সালে তাদের আয় ছিল ১ হাজার ২৬৬ কোটি ডলার, যা ২০১৮ সালে ৩ হাজার কোটি ডলার ছাড়ায় বলে বিবিসি জানিয়েছে।
ডলার জরিমানা বিলিয়ন দেড় গুগলকে 2019-03-20