এমএনএ আন্তর্জাতিক ডেস্কঃ তিব্বতের ‘আধ্যাত্মিক নেতা’ দালাই লামাকে তার ৮৬ তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে চীনের কাছে ‘বিপজ্জনক বিচ্ছিন্নতাবাদী’ হিসেবে পরিচিত এই নেতাকে শুভেচ্ছা জানানোর ফলে ভারত-চীন সম্পর্কে শীতলতা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
প্রতিবেশি দেশ চীন যাতে ক্ষুব্ধ না হয় এজন্য এতদিন সাধারণত দালাই লামার সঙ্গে প্রকাশ্যে যোগাযোগের ব্যাপারে সতর্ক থাকতেন ভারতীয় নেতারা। তবে এখন চীনের সঙ্গে ভারতের সম্পর্ক তলানিতে থাকার এ সময়েই মঙ্গলবার মোদি নিজে এক টুইটে বার্তা দিয়ে তিব্বতের স্বাধীনতাকামী আধ্যাত্মিক নেতা দালাই লামাকে ফোনে জন্মদিনের শুভেচ্ছা জানানোর কথা গোটা বিশ্বকে জানিয়েছেন।
পাশাপাশি মোদি বলেছেন, পবিত্র দালাই লামার সঙ্গে তার কথা হয়েছে। তাকে তিনি শুভেচ্ছা জানিয়েছেন এবং তার দীর্ঘায়ু ও স্বাস্থ্যকর জীবন কামনা করছেন। মোদির সঙ্গে এই আলাপের বিষয়টি দালাই লামার কার্যালয় থেকেও নিশ্চিত করা হয়েছে।
এদিন ভারতের আরও কয়েকজন রাজ্য নেতাও দালাই লামাকে শুভেচ্ছা জানিয়ে বলেছেন, তিব্বতের এই নেতার মূল্যবোধ, শিক্ষা এবং জীবনযাপন পদ্ধতি মানবতার জন্য অনুপ্রেরণা।
চীনের সেনারা ১৯৫০ সালে ‘শান্তিপূর্ণ স্বাধীনতা’র নামে তিব্বত দখল করেছিল। এরপর চীনের শাসনের বিরুদ্ধে আন্দোলনে ব্যর্থ হয়ে ১৯৫৯ সালে পালিয়ে নির্বাসনে চলে যান দালাই লামা।
প্রায় ছয় দশক ধরে ভারতে নির্বাসিত জীবন কাটাচ্ছেন দালাই লামা। চীন দালাই লামাকে এখনও প্রকাশ্যে স্বীকৃতি দেয়নি। তার সঙ্গে কারও কোনওরকম যোগাযোগও চীনের চক্ষুশূল। ভারত সরকার তিব্বতীদের নিয়ে কোনও আলোচনা করুক তাও চীন চায় না।
তিব্বতকে চীনের স্বায়ত্তশাসিত এলাকা হিসেবে স্বীকৃতি দিয়েছে ভারত। তবে দুই দেশের সাড়ে তিন হাজার কিলোমিটার সীমান্তের বেশ কিছু এলাকা নিয়ে এখনও বিরোধ রয়েছে।
গত বছর জুনে লাদাখ সীমান্তে দু’পক্ষের সংঘর্ষে ভারতের ২০ সেনা নিহত হওয়া নিয়ে চীন-ভারত সম্পর্কের অবনতি হয়। সেই থেকে আজও দু’দেশের সম্পর্কে উত্তেজনা বিরাজ করছে।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক
