Don't Miss
Home / আজকের সংবাদ / দক্ষিণ আফিকার নতুন প্রেসিডেন্ট সিরিল রামাফোসা
নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর মাতামেলা সিরিল রামাফোসাকে অভিনন্দন জানান দেশটির স্পিকার।

দক্ষিণ আফিকার নতুন প্রেসিডেন্ট সিরিল রামাফোসা

এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : দক্ষিণ আফ্রিকায় প্রেসিডেন্ট জ্যাকব জুমার পদত্যাগের পরদিন কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই পার্লামেন্টের ভোটে দেশটির নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মাতামেলা সিরিল রামাফোসা।
সংবাদ মাধ্যমগুলো জানায়, আর কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় গতকাল বৃহস্পতিবার দেশটির পার্লামেন্ট সদস্যরা পদত্যাগী প্রেসিডেন্ট জ্যাকব জুমার শূন্য পদে ভাইস প্রেসিডেন্ট সিরিল রামাফোসাকে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করে। তিনি হলেন বর্ণবাদ পরবর্তী দক্ষিণ আফ্রিকার পঞ্চম প্রেসিডেন্ট।
‘মাতামেলা সিরিল রামাফোসা ছাড়া’ প্রেসিডেন্ট পদে আর কোনো প্রার্থী নেই’-প্রধান বিচারপতি মোগোয়েং মোগোয়েং একথা ঘোষণা করার পর পার্লামেন্টে সমবেত এমপিরা তাকে নির্বাচিত করেন।
এর আগে গত বুধবার রাতে রাষ্ট্রীয় টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেয়া নিজের শেষ ভাষণে প্রেসিডেন্ট জ্যাকব জুমা পদত্যাগের ঘোষণা দেন। এরপর ক্ষমতাসীন আফ্রিকান ন্যাশনাল পার্টির (এএনসি) প্রাধান্যপুষ্ট পার্লামেন্ট বিপুল ভোটে গতকাল বৃহস্পতিবার দলীয় নেতা মাতামেলা সিরিল রামাফোসাকে পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে বেছে নেয়।
দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত এবং আদালতে দোষী বলে প্রমাণিত প্রেসিডেন্ট জুমা এএনসির ভাবমূর্তিতে একের পর এক কলঙ্ক লেপন করতে থাকায় দল তাকে সরে যেতে বাধ্য করে। এর আগে জুমা পদ ছাড়বেন না বলে গোঁ ধরে থাকেন। কিন্তু দল তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার সিদ্ধান্ত নেয়। এর ফলে বর্ণবাদমুক্ত দ. আফ্রিকার ইতিহাসের সবচেয়ে দুর্নীতিবাজ এই নেতা পদত্যাগের ঘোষণা দিতে বাধ্য হন।
জ্যাকব জুমার ক্রমাগত দুর্নীতি, স্বজনপ্রীত, দুর্বল অর্থনৈতিক ব্যবস্থাপনা ও সার্বিক অর্থনীতির সূচকের সার্বিক নিম্নগতির কারণে দল হিসেবে এএনসির জনপ্রিয়তায় ধস নামে। তাই এএনসির কাছে জ্যাকব জুমা হয়ে ওঠেন ‘দুর্গন্ধছড়ানো এক মৃত ঘোড়া’।
গত বুধবার জুমা পদত্যাগ করার পরপরই এএনসির পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে জানানো হয়, তারা দক্ষিণ আফ্রিকা প্রজাতন্ত্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে দলের বর্তমান সভাপতি সিরিল রামফোসাকে নির্বাচিত করতে যাচ্ছে। এবং সেটাই তারা করলো গতকাল বৃহস্পতিবার।
মাতামেলা সিরিল রামফোসা এক সময় দেশটি ধনাঢ্য ব্যবসায়ী, শ্রমিক নেতা এবং বর্ণবাদবিরোধী আপসহীন নেতা বলে পরিচিত ও প্রশংসিত ছিলেন।
প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হবার পর সিরিল রামফোসা গতকাল বৃহস্পতিবারই কেপ টাউনের পার্লামেন্ট ভবনে সর্বদলীয় এমপিদের উদ্দেশ্যে ভাষণ দেন।
প্রেসিডেন্ট হিসাবে প্রথম ভাষণে ৬৫ বছর বয়সী রামাফোসা বলেছেন, তিনি দুর্নীতির বিরুদ্ধে লড়বেন। পূর্বসূরি জুমার আমলে দেশ যে দুর্নীতিতে ছেয়ে গিয়েছিল তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন।
দুর্নীতিতে জড়িত থাকাকে কেন্দ্র করেই ক্ষমতাসীন দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের (এএনসি) চাপে পদত্যাগের ঘোষণা দিতে বাধ্য হয়েছিলেন জ্যাকব জুমা। তার আগে নয় বছর ক্ষমতায় ছিলেন তিনি।
জুমার বিরুদ্ধে দুর্নীতির একাধিক অভিযোগ থাকলেও তিনি ভুল কোনো কিছু করার কথা বরাবরই অস্বীকার করে এসেছেন।
এখন জুমার বিদায়ের পর রামাফোসার আগমনে দক্ষিণ আফ্রিকায় নতুন আশা সঞ্চার হয়েছে।
নতুন প্রেসিডেন্টের জন্য এখন জুমা আমলে হওয়া দুর্নীতির বিষয়টি সফলভাবে সামাল দেওয়া ছাড়াও আরেকটি বড় চ্যালেঞ্জ হচ্ছে, দেশের অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল করা। দেশটিতে বেকারত্ব কমানোর জন্য বিনিয়োগ নিশ্চিত করতে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে তাকে।
আজ শুক্রবার জাতির উদ্দেশে ‘স্টেট অব দ্য ন্যাশন’ ভাষণ দেওয়ার কথা রয়েছে রামাফোসার।
১৯৫২ সালের ১৭ নভেম্বর জন্মগ্রহণকারী সিরিল রামাফোসা ছিলেন বর্ণবাদের বিরুদ্ধে সক্রিয় আন্দোলনকারী। শ্রমিক আন্দোলনের পুরোধা নেতা। নিজের যোগ্যতাবলে তিনি পরে একজন সফল ব্যবসায়ী হিসেবে আবির্ভূত হন। ২০১৪ সাল থেকে তিনি দক্ষিণ আফ্রিকার ডেপুটি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। জ্যাকব জুমার সঙ্গে শুরু থেকেই ক্ষমতার দ্বন্দ্ব চলছিল তার। জুমার বিদায়ে আপাতত তার অবসান ঘটল।
গত ডিসেম্বর থেকে এএনসির সভাপতিও তিনি। এর আগে তিনি ন্যাশনাল প্ল্যানিং কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন।
x

Check Also

ব্যাংক রেজুলেশন আইন ২০২৬ দুর্নীতি সহায়ক, লুটেরাদের পুনর্বাসন আত্মঘাতী: টিআইবি

অর্থনৈতিক প্রতিবেদক সদ্য পাস হওয়া ব্যাংক রেজুলেশন আইন, ২০২৬ নিয়ে কঠোর সমালোচনা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনার ...