Don't Miss
Home / আজকের সংবাদ / দুই ডেপুটি গভর্নরকেও অব্যাহতি

দুই ডেপুটি গভর্নরকেও অব্যাহতি

এমএনএ রিপোর্ট : রিজার্ভ চুরি নিয়ে তুমুল আলোচনার মধ্যে গভর্নর আতিউর রহমানের পদত্যাগের পর বাংলাদেশ ব্যাংকের দুই ডেপুটি গভর্নর নাজনীন সুলতানা ও আবুল কাশেমকেও অব্যাহতি দেওয়া হয়েছে।

রিজার্ভ চুরি নিয়ে চাপে থাকা বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমানের পদত্যাগের পর দুই ডেপুটি গভর্নর নাজনীন সুলতানা ও আবুল কাশেমকেও সরিয়ে দিয়েছে সরকার।

আজ মঙ্গলবার আতিউর প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে পদত্যাগপত্র দিয়ে আসার পর শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে এক প্রাক বাজেট আলোচনায় গিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দুই ডেপুটি গভর্নরকে অব্যাহতি দেওয়ার কথা জানান অর্থমন্ত্রী।

BB Deputy Govornor

আবুল মাল আবদুল মুহিত বলেন, বাংলাদেশ ব্যাংকের দুই ডেপুটি গভর্নর আবুল কাশেম ও নাজনীন সুলতানাকে অব্যাহতি দেওয়া হয়েছে। এই দুই পদে শিগগিরই নতুন নিয়োগ দেওয়া হবে।

এখন বাংলাদেশ ব্যাংকে বাকি দুই ডেপুটি গভর্নরের পদে রয়েছেন সিতাংশ কুমার সুর চৌধুরী (এস কে সুর চৌধুরী) ও আবু হেনা মোহাম্মদ রাজি হাসান। চলতি বছরের ফেব্রুয়ারিতে ডেপুটি গভর্নর সিতাংশ কুমার সুর চৌধুরীর চুক্তির মেয়াদ ২০১৮ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়। এছাড়া আবু হেনা মোহাম্মদ রাজি হাসানের চুক্তির মেয়াদ ২০১৮ সালের ১০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়।

সাবেক অর্থ সচিব ফজলে কবিরকে গভর্নরের দায়িত্ব দেওয়া হয়েছে বলে ইতোমধ্যে জানিয়েছেন অর্থমন্ত্রী।

বাংলাদেশের প্রথম নারী ডেপুটি গভর্নর নাজনীন সুলতানার চাকরির মেয়াদ সম্প্রতি শেষ হওয়ার পর তা চলতি বছরের ১৪ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছিল।

BB VS BD Govt.

আবুল কাশেমের চাকরির বাড়তি মেয়াদও আগামী অগাস্টে শেষ হওয়ার কথা ছিল।

যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যাংক অব নিউ ইয়র্কে বাংলাদেশ ব্যাংকের গচ্ছিত ১০ কোটি ডলার হ্যাকিংয়ের মাধ্যমে চুরির খবরটি গোপন রাখায় বাংলাদেশ ব্যাংকের কর্তাব্যক্তিদের উপর ক্ষুব্ধ ছিলেন অর্থমন্ত্রী।

এ নিয়ে তুমুল আলোচনা-সমালোচনার মধ্যে গতকাল সোমবার মুহিত বলেছিলেন, বাংলাদেশ ব্যাংকে পরিবর্তন আসছে।

এরমধ্যে আইএমএফের এক বৈঠক থেকে ফেরা গভর্নর আতিউর দেশে ফেরার পর আজ মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র দিয়ে আসেন। এরপরই দুই ডেপুটি গভর্নরকে সরানোর সিদ্ধান্ত জানালেন মুহিত।

হ্যাকিংয়ের মাধ্যমে রিজার্ভের অর্থ লোপাটের ঘটনায় মতিঝিল থানায় মঙ্গলবারই একটি মামলা করেছেন বাংলাদেশ ব্যাংকের একজন যুগ্ম পরিচালক।

এদিকে পুরো ঘটনা তদন্তে একটি তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছেন অর্থমন্ত্রী। তিন সদস্যের এই কমিটির প্রধান করা হয়েছে সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিনকে।

x

Check Also

লাভজনক হয়েও ১০১ কোটি টাকা পরিশোধে বিএসসির গড়িমসি, বিপাকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

চট্টগ্রাম প্রতিনিধি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হওয়া সত্ত্বেও বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি) এখনো ১০১ কোটি টাকার ...