নজিবুল্লাহর ব্যাটিং তাণ্ডবে আফগানদের রানের পাহাড়
Posted by: News Desk
September 14, 2019
এমএনএ স্পোর্টস ডেস্ক : নজিবুল্লাহ জাদরানের ব্যাটিং তাণ্ডবে রানের পাহাড় গড়েছে আফগানিস্তান। জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ৫ উইকেটে ১৯৭ রান সংগ্রহ করেছে আফগানরা।
আজ শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিং করে আফগানিস্তান। প্রথমে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা করে আফগানরা।
উদ্বোধনী জুটিতে রহমতউল্লাহ গুরবাজের সঙ্গে ৫.৪ ওভারে ৫৭ রানের জুটি গড়েন হজরতউল্লাহ জাজাই। ১৪ বলে মাত্র ১৩ করে আউট হন হজরতউল্লাহ।
ইনিংসের শুরু থেকে ব্যাটিং তাণ্ডব চালিয়ে যাওয়া রহমতউল্লাহ উইলিয়ামসের বলে এলবিডব্লিউ হওয়ার আগে ২৪ বলে পাঁচটি চার ও দুই ছক্কায় ৪৩ রান করেন তিনি। দলীয় ৬০ রানে ফেরেন তিনি।
এরপর ৩০ রানের ব্যবধানে সাজঘরে ফেরেন তিন নম্বর পজিশনে ব্যাটিংয়ে নামা নজিব তারকাই ও আসগর আফগান। ১৩.২ ওভারে ৯০ রানে ৪ উইকেট পতনের পর দলের হাল ধরেন নজিবুল্লাহ জাদরান ও মোহাম্মদ নবি।
দুইশর কাছাকাছি সংগ্রহ গড়ায় সবচেয়ে বড় অবদান নাজিবউল্লাহ ও নবির। পঞ্চম উইকেটে মাত্র ৪০ বলে ১০৭ রানের জুটি গড়েন দুই মিডল অর্ডার ব্যাটসম্যান। ম্যাচের এক পর্যায়ে দুই ব্যাটসম্যান মিলে টানা সাত বলে হাঁকান সাত ছক্কা!
সে সময় ৮ বল থেকে আসে ৪৭ রান। ৩০ বলে ছয় ছক্কা ও পাঁচ চারে ৬৯ রানে অপরাজিত থাকেন বাঁহাতি ব্যাটসম্যান নাজিবউল্লাহ। ইনিংসের শেষ বলে আউট হওয়া নবি চার ছক্কায় ১৮ বলে করেন ৩৮ রান।
৫৭ রানের উদ্বোধনী জুটি ভাঙার পর ৯০ রানের মধ্যে চার উইকেট হারিয়ে একটু চাপেই পড়ে গিয়েছিল আফগানিস্তান। সেখান থেকে প্রায় দুইশ রানের সংগ্রহ গড়ল দলটি।
আফগানিস্তান : ২০ ওভারে ১৯৭/৫ (রহমানউল্লাহ ৪৩, জাজাই ১৩, তারাকাই ১৪, আসগর ১৪, নাজিবউল্লাহ ৬৯*, নবি ৩৮; এনদিলোভু ৪-০-৩৫-১, জার্ভিস ৪-০-৫৩-০, চাতারা ৪-০-৫৩-২, উইলিয়ামস ৪-০-১৬-২, বার্ল ১-০-৪-০, মাদজিভা ৩-০-৩৪-০)
ব্যাটিং রানের পাহাড় 'তাণ্ডবে' আফগানদের নজিবুল্লাহর 2019-09-14