পাঁচদিনের সফরে প্রণব মুখার্জি ঢাকায় আসছেন আজ
Posted by: News Desk
January 14, 2018
এমএনএ রিপোর্ট : ভারতের সাবেক প্রেসিডেন্ট প্রণব মুখার্জি পাঁচদিনের ব্যক্তিগত এক সফরে আজ রবিবার বিকালে ঢাকায় আসছেন। মুখার্জিকে বহনকারী জেট এয়ারলাইন্সটি আজ রবিবার বিকাল ৪টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বলে ভারতীয় হাইকমিশনারের এক কর্মকর্তা জানিয়েছেন।
আগামী ১৮ জানুয়ারি বাংলাদেশ ছাড়বেন তিনি। এর আগে ২০১২ সালের ৪ ও ৫ মে দু’দিনের রাষ্ট্রীয় সফরে ভারতের প্রথম কোনো বাঙালি রাষ্ট্রপতি হিসেবে বাংলাদেশ সফর করেন প্রণব মুখার্জি।
বাংলাদেশের অকৃত্রিম এ বন্ধুকে বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা জানাবেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীসহ সরকারের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা।
সূত্র বলছে, রাষ্ট্রপতি হিসেবে সাবেক হলেও প্রণব মুখার্জিকে বিরল সম্মাননা জানাবে সরকার। সফরকালে তার জন্য ভিভিআইপি নিরাপত্তা ও প্রটোকল থাকছে।
বাংলাদেশ সফরকালে প্রণব মুখার্জি এখানে এক সাহিত্য সম্মেলনে যোগদান করবেন এবং রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন।
সফরসূচি থেকে জানা গেছে, বিমানবন্দর থেকে প্রণব মুখার্জিকে সোনারগাঁও হোটেলে নেয়া হবে। ঢাকায় থাকাকালে সেখানেই অবস্থান করবেন তিনি। আজ রবিবার সন্ধ্যায় তার সম্মানে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন আয়োজিত নৈশ ভোজে যোগ দেবেন তিনি।
আগামীকাল সোমবার সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি সম্মান জানাতে নগরীর ধানমন্ডি-৩২ এ বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘর পরিদর্শনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করবেন তিনি। সেখান থেকে দুপুরে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মধ্যাহ্ন ভোজে অংশ নেবেন।
আগামী মঙ্গলবার দুপুর সাড়ে তিনটায় বাংলা একাডেমিতে আন্তর্জাতিক বাংলা সাহিত্য সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। ‘বিশ্বমানব হবি যদি কায়মনে বাঙালি হ’ শীর্ষক স্লোগানে অনুষ্ঠেয় তিনদিনের এ সাহিত্য সম্মেলনে বাংলাদেশসহ বিভিন্ন দেশের তিন শতাধিক কবি-লেখক-সাহিত্যিক-সমালোচক অংশ নেবেন।
এরপর সন্ধ্যায় প্রণব মুখার্জির সম্মানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত নৈশ্যভোজের আয়োজন করেছেন। সেখানে তিনি অংশ নেবেন।
সূত্র জানায়, সফরকালে প্রেসিডেন্ট আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একান্ত বৈঠক হবে প্রণব মুখার্জির। এছাড়া বঙ্গভবন ও গণভবনে তার সম্মানে পৃথক রাষ্ট্রীয় ও সরকারি ভোজের আয়োজন করছেন রাষ্ট্র ও সরকার প্রধান। সেখানে রাষ্ট্র ও সরকারের গুরুত্বপূর্ণ প্রতিনিধিরাও অংশ নেবেন।
সফর সূচি অনুযায়ী, ১৬ জানুয়ারি চট্টগ্রাম সফরে যাবেন ভারতের প্রথম বাঙ্গালি এ রাষ্ট্রপতি। সেখানেও তার সম্মানে নানা আয়োজন থাকবে। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তন অনুষ্ঠানে যোগদান করবেন। সেখানে তাকে সম্মানসূচক ডি. লিট উপাধি প্রদান করা হবে।
চট্টগ্রামের রাউজান উপজেলার শহীদ মাস্টার দা সূর্যসেনের বাড়ি পরিদর্শন করবেন এবং প্রীতিলতার স্মৃতি যাদুঘরও ঘুরে দেখবেন। তার সম্মানে চট্টগ্রামের একটি অভিজাত হোটেলে ভোজ আয়োজন করছেন স্থানীয় ভারতীয় সহকারী হাইকমিশন।
১৭ জানুয়ারি তিনি চট্টগ্রাম থেকে ঢাকা ফিরবেন। এদিন সন্ধ্যায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সেখানে নৈশ্যভোজে যোগ দেবেন।
আজ সফরে ঢাকায় আসছেন প্রণব মুখার্জি পাঁচদিনের 2018-01-14