প্রখ্যাত অভিনেতা কাদের খান আর নেই
Posted by: News Desk
January 1, 2019
এমএনএ বিনোদন ডেস্ক : হিন্দি চলচ্চিত্রের প্রখ্যাত অভিনেতা ও লেখক কাদের খান (৮১) আর নেই। গতকাল সোমবার (৩১ ডিসেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় কানাডার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এই বর্ষীয়ান অভিনেতা শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।
ভারতীয় সংবাদমাধ্যমকে কাদের খানের ছেলে সরফরাজ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
স্ত্রী শশিতাকে নিয়ে সরফরাজ খান কানাডায় আছেন। কাদের খানও দীর্ঘদিন তাদের কাছেই ছিলেন।
খবরে বলা হয়, বার্ধক্যজনিত নানা সমস্যার পাশাপাশি কাদের খান শ্বাসকষ্টেও ভুগছিলেন। দুই দিন আগে তার অবস্থার আর অবনতি হয়।
গুরুতর অসুস্থ অবস্থায় সম্প্রতি তাকে কানাডার একটি হাসপাতালে ভর্তি করা হয়।
সরফরাজ জানান, কাদের খান দীর্ঘদিন ধরে রোগে ভুগছিলেন। তিনি গত ১৬-১৭ সপ্তাহ ধরে কানাডার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গতকাল সোমবার সন্ধ্যায় কোমাতে থাকা অবস্থায় তার মৃত্যু হয়।
কাদের খানের শেষকৃত্য আজ মঙ্গলবার (১ জানুয়ারি) কানাডায় অনুষ্ঠিত হবে বলে তার ছেলে জানিয়েছেন।
এর আগে কাদের খানের মৃত্যু নিয়ে গুজব ছড়ায়। সেসময় তার ছেলে বিষয়টি মিথ্যা বলে জানিয়েছিলেন।
কাদের খান ১৯৩৫ সালের ২২ অক্টোবর আফগানিস্তানের কাবুলে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই অভিনয়ে ঝোঁক ছিল তার। ইঞ্জিনিয়রিং পড়তে পড়তে থিয়েটারে। তিনি একাধারে চলচ্চিত্র অভিনেতা, কমেডিয়ান, চিত্রনাট্য ও সংলাপ লেখক এবং পরিচালক।
১৯৭৩ সালে যশ চোপড়ার ‘দাগ’ সিনেমার মধ্য দিয়ে তিনি বলিউডে পা রাখেন। তারপর আর ফিরে তাকাতে হয়নি তাকে। বহু বিখ্যাত ছবির স্ক্রিন প্লে লিখিয়ে হিসেবেও কাদের খান জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছিলেন।
কাদের খান প্রায় ৩০০টি সিনেমায় অভিনয় করেছেন। পরিচালক ও চিত্রনাট্যকারের ভূমিকাও পালন করেছেন কাদের খান। ২৫০টির বেশি ছবিতে তিনি সংলাপ লিখেছেন।
কাদের খান প্রখ্যাত অভিনেতা আর নেই 2019-01-01