Don't Miss
Home / খেলাধূলা / বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচ হচ্ছেন হাথুরুসিংহে
চন্ডিকা হাথুরুসিংহে
চন্ডিকা হাথুরুসিংহে

বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচ হচ্ছেন হাথুরুসিংহে

এমএনএ খেলাধুলা ডেস্কঃ চন্ডিকা হাথুরুসিংহে বাংলাদেশের হেড কোচ হয়ে ফিরছেন, গুঞ্জন ডালপালা মেলছিল অনেক আগে থেকেই। তবে মাঝে আবার শোনা যায়, অস্ট্রেলিয়ায় নিউ সাউথ ওয়েলসের চাকরি ছেড়ে আসবেন না লঙ্কান এই কোচ। ফলে তৈরি হয় অনিশ্চয়তা।

যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে কখনই বলা হয়নি, হাথুরুসিংহে বাংলাদেশের কোচ হবেন না কিংবা বিকল্প ভাবছে বিসিবি।

অবশেষে তিন ফরম্যাটেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হচ্ছেন চান্দিকা হাথুরুসিংহে। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এ কথা জানিয়েছেন।

দ্বিতীয় দফায় দুই বছরের জন্য দায়িত্ব নিচ্ছেন এই শ্রীলঙ্কান কোচ। দায়িত্ব নিতে চলতি বছরের ২০ ফেব্রুয়ারি ঢাকায় আসছেন তিনি।

এর আগে নিউ সাউথ ওয়েলস ক্রিকেটের চাকরি ছেড়েছেন চান্দিকা হাথুরুসিংহে। অস্ট্রেলিয়ার রাজ্য দলটির নিউ সাউথ ওয়েল ব্লুজ ও বিগ ব্যাশের দল সিডনি থান্ডারের সহকারী কোচের পদে ছিলেন শ্রীলঙ্কার সাবেক এই ক্রিকেটার।

ক্রিকেট নিউ সাউথ ওয়েলসের হেড অব এলিট ক্রিকেট মাইকেল ক্লিঙ্গার বলেছিলেন, আন্তর্জাতিক ক্রিকেটে কোচিংয়ে ফিরতেই তাদের দলের দায়িত্ব ছেড়েছেন হাথুরুসিংহে।

শ্রীলঙ্কার হয়ে ২৬ টেস্ট ও ৩৫ ওয়ানডে খেলা সাবেক অলরাউন্ডার বাংলাদেশ থেকে বিদায়ের কদিন পরই নিজ দেশের প্রধান কোচের দায়িত্ব নেন। সেখানেও শেষটা ভালো হয়নি তার। ২০১৯ সালে তাকে বরখাস্ত করা হয়। ২০২০ সালে তিনি আবার ফিরে যান নিউ সাউথ ওয়েলসের ক্রিকেটে।

এর আগে ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত সাকিব-তামিমদের প্রধান প্রশিক্ষক ছিলেন ৫৪ বছর বয়সী এই লঙ্কান। ২০১৭ সালের অক্টোবরে তিনি আচমকাই পদত্যাগ করেন।

হাথুরুর কোচিংয়ে অবিশ্বাস্য সব অর্জন বাংলাদেশের ক্রিকেটে। বিশ্বকাপে বাংলাদেশের সেরা সাফল্য ২০১৫ সালে। সেই ওয়ানডে বিশ্বকাপে হাথুরুর কোচিংয়ে প্রথমবারের কোয়ার্টার ফাইনাল খেলে টাইগাররা।

এছাড়া ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে প্রথমবার টেস্ট জেতাসহ পাকিস্তান, ভারত এবং দক্ষিণ আফ্রিকাকে ওয়ানডে সিরিজে হারানোর স্বপ্নও হাথুরুর হাত ধরেই পূরণ হয় বাংলাদেশের।

x

Check Also

আরও ১০ জেলায় রেল সেবা সম্প্রসারণের উদ্যোগ: রেলমন্ত্রী

এমএনএ প্রতিবেদক দেশের আরও ১০টি জেলা রেল যোগাযোগের আওতায় আনার উদ্যোগ নিয়েছে সরকার। এ তথ্য ...