Don't Miss
Home / জাতীয় / মণ্ডপে মণ্ডপে দশমীর দিনে বাজছে বিদায়ের সুর
বিজয়া দশমী

মণ্ডপে মণ্ডপে দশমীর দিনে বাজছে বিদায়ের সুর

এমএনএ জাতীয় ডেস্কঃ বিজয়া দশমী, দেবীদুর্গার বিদায়ের দিনে মণ্ডপে মণ্ডপে বাজছে বিষাদের সুর। শঙ্খ আর ঢাকের ধ্বনি ক্রমশ কমে যাচ্ছে। বিসর্জন, তাই তো শেষ মুহূর্তে মঙ্গল কামনায় দেবীদুর্গার প্রতি একটু বেশিই মিনতি পুণ্যার্থীদের।

মঙ্গলবার (২৪ অক্টোবর) সকাল থেকেই পুরান ঢাকার শাঁখারী বাজার, বাংলা বাজার, ওয়ারী, শিংটোলার পূজামণ্ডপে চলছে বিজয়া দশমীর পূজা অর্চনা। সকাল ১০টা থেকে সনাতনীদের ভোগ প্রধান, মন্ত্রপাঠ, সিঁদুর পরিক্রমা, যাত্রা মঙ্গল, সিঁদুর খেলা অনুষ্ঠিত হয়েছে। পূজা অর্চনার পর একে অপরকে শুভেচ্ছা জানাচ্ছেন। আত্মীয় স্বজন সবার জন্য মঙ্গল কামনা করছেন।

এবারের পূজা খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে বলে জানান পূজায় আসা অমিত দাশ। তিনি বলেন, প্রতিদিন প্রসাদ বিতরণ করেছি সবাইকে। আজ মা চলে যাবেন, খুব খারাপ লাগছে। সকাল থেকে অঞ্জলি দিয়েছি। মা, দিদি, মাসি মিলে দেবীদুর্গাকে সিঁদুর দিয়েছি, সিঁদুর খেলেছি। আনন্দও লাগছে, আবার খারাপও লাগছে। দশমীতে বিশেষ করে সবার জন্য পূজা করি। সবার মঙ্গল কামনা করি, শুভেচ্ছা জানাই। সমাজ থেকে অশুভ দূর হোক, সবাই যেন ভালো থাকে, বাচ্চাদের যেন ভগবান ভালো রাখেন সেই প্রার্থনা করেছি।

এদিন দুপুর ১২টার পর মণ্ডপ থেকে প্রতিমা নামানো কার্যক্রম শুরু হয়েছে। বিসর্জনের জন্য সদরঘাটের বিনাস্মৃতি স্নানঘাটে মঞ্চ প্রস্তুত করা হয়েছে। দেবী বিসর্জনের জন্য সার্বক্ষণিক দায়িত্বে থাকবে কোতোয়ালি ও সূত্রাপূর থানা পুলিশ।

x

Check Also

আমদানির কারণে আমনের দরপতনে বোরো নিয়েও শঙ্কা, ন্যায্যমূল্য না পাওয়ার আশঙ্কায় কৃষক

বিশেষ প্রতিনিধি বিদেশ থেকে চাল আমদানির কারণে দেশের বিভিন্ন অঞ্চলে মৌসুম শেষে আমন ধানের দামে ...