এমএনএ ফিচার ডেস্কঃ রাঙামাটির কাপ্তাইয়ে মারমা সম্প্রদায়ের সাংগ্রাঁই জল উৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলার চিংম্রং বৌদ্ধ বিহার মাঠে এ উৎসবের আয়োজন করা হয়।
এ উপলক্ষে মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় পার্বত্য চট্টগ্রামসহ চট্টগ্রামের বিভিন্ন উপজেলা থেকে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে হাজার হাজার মানুষের আগমন ঘটে।
নববর্ষকে বরণ ও পুরানো বর্ষকে বিদায় উপলক্ষে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত মারমা সম্প্রদায় সাংগ্রাঁই জল উৎসব উদযাপন করে থাকে। মারমা যুবক-যুবতীরা একে অপরের প্রতি জল ছিটিয়ে পুরানো বছরের দুঃখ, গ্লানি, বেদনাকে ভুলে সামনের দিকে এগিয়ে যেতে চায়।
জল উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক ও চিৎমরম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়েশ্লিমং চৌধুরী জানান, মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সাংগ্রাঁই জল উৎসবকে ঘিরে এখন উৎসবে আনন্দে মাতোয়ারা সমগ্র চিংম্রং এলাকা। উৎসবকে ঘিরে নানা বর্ণের মানুষের আগমন ঘটেছে চিংম্রং।
সাংগ্রাঁই জল উৎসব সাংস্কৃতিক কমিটির আহ্বায়ক পাইসুই মারমা জানান, এ সাংগ্রাঁই জল উৎসবের মাধ্যমে আমরা আমাদের ঐতিহ্য সংস্কৃতি, কৃষ্টিকে তুলে ধরছি। সকল ভেদাভেদ ভুলে আমরা নতুন বছরকে বরণ করে নেই।
এদিকে, সাংগ্রাঁই জল উৎসব উপলক্ষে বিহার সংলগ্ন মাঠে সকাল ১০ টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাসাং মারমার ও ইসাইনু মারমার সঞ্চলনায় এতে সভাপতিত্ব করেন জল উৎসব কমিটির আহ্বায়ক ইউপি চেয়ারম্যান ওয়েশ্মিমং চৌধুরী।
এতে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই ৪১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাব্বির আহমেদ।
বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা পরিষদের সদস্য অংসুইছাইন চৌধুরী, কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান, জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী থোয়াইচিং মং মারমা, চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী, ৩২৩ নং চিৎমরম মৌজার হেডম্যান ক্যওসিং মং।
স্বাগত বক্তব্য দেন সাংগ্রাঁই জল উৎসব উদযাপন কমিটির সদস্য সচিব ও ৩ নং চিংম্রং ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ক্যপ্রু চৌধুরী।
সাংগ্রাঁই উৎসবে চিংম্রং এলাকায় তিন দিনব্যাপী বসে বৈশাখী মেলা। দূর দূরান্ত থেকে হরেক রকম পণ্য নিয়ে প্রান্তিক ব্যবসায়ীরা তাদের পসরা সাজিয়েছেন। মেলা ও জল উৎসব উপভোগ করতে হাজার হাজার লোকের আগমন ঘটে।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

